ঢাকা এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সংঘর্ষের ঘটনায় শুক্রবার গ্রেপ্তার হওয়া ১৭ জনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পল্টন থানার উপ পরিদর্শক ফৌজিয়া খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এদিকে গত বৃহস্পতিবার ও শুক্রবার পুলিশের ওপর মৌলবাদীদের হামলা, সংঘর্ষ ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় পল্টন থানায় দুটি মামলা হয়েছে।
বৃহস্পতিবারের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক সরদার ইউনুস আলী অজ্ঞাত দেড় শতাধিক লোককে আসামি করে বৃহস্পতিবার রাতেই মামলাটি করেন। আর শুক্রবার সংঘর্ষের সময় গ্রেপ্তার হওয়া ১৭জনকে আসামি করে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে মামলা দায়ের করেন উপ-পরিদর্শক আরশাদ আলী।
ফৌজিয়া খানম বলেন, "এ দুটি মামলায় সরকারি কাজে বাধাদান, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা, পুলিশকে মারধর করে আহত করা, জনগণের সম্পদ নষ্ট করাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএআর/জেকে/এমএইচবি/২১০৪ ঘ.
bdnews24