২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশ সচেতন নাগরিকদের

দেশ ও জনগণকে বাঁচাতে নদ-নদী রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ সচেতন নাগরিকরা। শনিবার পুরানা পল্টনে মনিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত 'ঢাকাকে রক্ষায় বাঁচাতে হবে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, টঙ্গিখাল ও তুরাগ নদী' শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ ও জনগণকে বাঁচাতে নদ-নদী রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ সচেতন নাগরিকরা। শনিবার পুরানা পল্টনে মনিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত 'ঢাকাকে রক্ষায় বাঁচাতে হবে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, টঙ্গিখাল ও তুরাগ নদী' শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। জার্নালিস্ট ফোরাম ফর কমিউনিকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট (জেএফসিই) ও গ্রিন ক্লাব অফ বাংলাদেশ (জিসিবি) এ সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, রাজনীতিক, সরকারি কর্মকর্তাসহ পরিবেশ কর্মীরা এতে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আক্তারুজ্জামান বলেন, "দেশ ও দেশের জনগণকে বাঁচাতে নদ-নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।" তিনি এ ব্যাপারে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য সব পেশা ও শ্রেণীর নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নৌ প্রকৌশল ও নৌ স্থাপত্য বিভাগের শিক্ষক খন্দকার শাহরিয়ার ইকবাল বলেন, "নদ-নদী রক্ষার জন্য নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। প্রয়োজনে নৌ-পরিবহন খাতে ভর্তুকি দিতে হবে।" বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাকির হোসেন বলেন, "নদ-নদীসহ জলাভূমি ও জীব বৈচিত্র্য রক্ষায় সবাইকে ইতিবাচক ভূমিকা নিতে হবে।" সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক আশীষ কুমার দে। স্বাগত ও সমাপণী বক্তব্য রাখেন জিসিবি সভাপতি নূরুর রহমান সেলিম। অন্যান্যের মধ্যে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম ও প্রকৌশলী মো. মুঈনউদ্দিন জুলফিকার, বিআইডব্লিউটিএ সচিব সৈয়দ মনোয়ার হোসেন, প্রকৌশলী মো. আব্দুল মতিন, উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল, ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা মারুফ রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমএ/১৯৫৫ ঘ.