২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নীতি বাতিলে সরকারকে বাধ্য করা হবে: ই শা আন্দোলন

নারী উন্নয়ন নীতি বাতিল এবং উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর পদত্যাগের দাবিতে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারী উন্নয়ন নীতি বাতিল এবং উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর পদত্যাগের দাবিতে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। ওই তারিখের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে 'দাবি মানতে বাধ্য করা হবে' বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার বিকালে বায়তুল মোকারম মসজিদের উত্তর গেটে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি শেষে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির রেজাউল করিম এ ঘোষণা দেন। শুক্রবার একই দাবিতে বিক্ষোভরত কয়েকটি ইসলামী সংগঠনের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ কারণে শনিবার মানব বন্ধন কর্মসূচিকে সামনে রেখে দুপুরের পর থেকেই বায়তুল মোকারম এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীরা আসরের নামাজের আগেই বায়তুল মোকাররমের সামনে জড়ো হতে থাকে। নামাজের পর তারা পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত রাস্তার দুই ধারে হাতে হাত বেঁধে অবস্থান নেয়। প্রায় ২০ মিনিট মানববন্ধনের পর এক সমাবেশে আমির রেজাউল করিম দাবি পূরণের জন্য ১৭ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেন। তিনি বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে এখানে কর্মসূচি পালন করছি। আমাদের ভাইয়েরা এখানে প্রস্তুতি নিয়েই এসেছে। রক্ত দিতে হলে তারা রক্ত দেবে, জীবন দিতে হলেও জীবন দেবে। আর ১৭ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে তুমুল আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।" অন্যান্যের মাধ্যমে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাল মাদানী, সিনিয়র নায়েবে আমির আব্দুর রশিদ পীর বরগুনা, হিজবুত তাহরীর প্রচার সচিব মাওলানা মামুনুর রশিদ সমাবেশে বক্তব্য দেন। বিকেলে মানববন্ধন চলাকালে পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। সংঘর্ষের আশঙ্কায় আশোপাশের দোকানপাটও বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/জেকে/এমএ/১৮৫১ঘ.