২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষহারানো দিন পুরনো স্মৃতির এক ট্রেনযাত্রা

৪৩ বছর পর আবার ট্রেন ছুটবে কলকাতার দিকে। সেই ১৯৬৫ সালে সরাসরি রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর অপেক্ষাই ছিল সঙ্গী। অনেক চড়াই-ঊৎরাই পেরিয়ে সেই অপেক্ষার পালা সাঙ্গ হতে চলেছে। পহেলা বৈশাখ থেকে চালু হচ্ছে ঢাকা-কলকাতা ট্রেন। কিন্তু এক সময়ের ট্রেন চলাচলের সেই প্রায় ভুলে যাওয়া স্মৃতি এখনও জেগে আছে হাসিনা খাতুনের মনে। ট্রেনে চেপে কলকাতা যাওয়ার স্মৃতি তার শতবর্ষী ধূসর চোখে এখনও রঙের উদ্ভাস জাগায়। আমাদের ৭০ বছর আগের সেই দিনে নিয়ে যাচ্ছেন গোলাম মর্তুজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 11:25 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

গোলাম মর্তুজা অন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪৩ বছর পর আবার ট্রেন ছুটবে কলকাতার দিকে। সেই ১৯৬৫ সালে সরাসরি রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর অপেক্ষাই ছিল সঙ্গী। অনেক চড়াই-ঊৎরাই পেরিয়ে সেই অপেক্ষার পালা সাঙ্গ হতে চলেছে। পহেলা বৈশাখ থেকে চালু হচ্ছে ঢাকা-কলকাতা ট্রেন। কিন্তু এক সময়ের ট্রেন চলাচলের সেই প্রায় ভুলে যাওয়া স্মৃতি এখনও জেগে আছে হাসিনা খাতুনের মনে। ট্রেনে চেপে কলকাতা যাওয়ার স্মৃতি তার শতবর্ষী ধূসর চোখে এখনও রঙের উদ্ভাস জাগায়। হাসিনা খাতুনের বাবার বাড়ি ছিল নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাইয়ে। সেখান থেকে অল্প কিছু দূর চিলাহাটি রেল স্টেশন। এখন তিনি থাকেন তার বড় ছেলের সঙ্গে, ঠাকুরগাঁও শহরে। প্রযুক্তি এগিয়েছে; দিন বদলেছে; পৃথিবীও নাকি এখন হাতের মুঠোয়। কিন্তু সবকিছু যেন উল্টো হাসিনা খাতুনের বেলায়। দিন যত গেছে, ততই যেন ছোট হয়েছে হাসিনা খাতুনের পৃথিবী। বয়স একশ ছুঁই ছুঁই; তারপরও অভিজ্ঞতার ভাণ্ডার থেকে ট্রেনে করে ভারত যাওয়ার স্মৃতি তুলে আনতে খুব বেশি বেগ পেতে হয় না হাসিনা খাতুনের। সেটা ছিল ১৯৩৮ সাল। নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ট্রেনে চাপি- বলতে যখন শুরু করেন, তখন মনে হচ্ছিল- সবই যেন হাসিনা খাতুনের চোখের সামনেই ঘটে চলেছে। "যখন পঞ্চম জর্জের ভাই ষষ্ঠ জর্জ ইংল্যান্ডের রাজা হলো তার পরপরই গেছিলাম কোলকাতা। এমনিতেই জলপাইগুড়িতে নিয়মিত যাওয়া-আসা ছিল। কিন্তু কোলকাতা যাওয়া সেটাই প্রথম। মাসটা মনে নেই; এটা মনে আছে, তখন গরমের সময় ছিল। আমার বয়স ১২ কি ১৩।" হাসিনা খাতুনের বাবা জিয়ারত উল্লাহ আহমেদ বড় মেয়ে হাজেরা খাতুনের বিয়ের পরপর কলকাতা যাত্রার ওই আয়োজন করেন। হাজেরা খাতুনের স্বামী দবিরউদ্দীন আহমেদসহ (নীলফামারীর বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিক) দুই বোন হন সঙ্গী। এখন কেউই আর বেঁচে নেই, জানালেন হাসিনা খাতুন। "সেই সময় দার্জিলিং মেইল কোলকাতা যেত জলপাইগুড়ি, হলদিবাড়ী, চিলাহাটি (নীলফামারী) রেলস্টেশনের ওপর দিয়ে। পাক্কা একদিন লেগেছিল কোলকাতা পৌঁছতে। ট্রেনে ছিল ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ও ইন্টার ক্লাস। ইন্টার ক্লাসের আসনগুলো ছিল গদি আঁটা। আর অন্যগুলোতে ছিল লম্বা কাঠের বেঞ্চ।" খরচ বেশি হলেও মেয়ের জামাইকে নিয়ে ইন্টার ক্লাসেই চড়েছিলেন জিয়ারত উল্লাহ। ট্রেনের সেই খাবারের স্বাদ এখনও লেগে আছে হাসিনা বেগমের মুখে। "ট্রেনে খাওয়ার মতো বাড়িতে রান্না করা ভাত আর পিঠা সঙ্গে নেওয়া ছিল। নেওয়া হয়েছিল বিছানা আর পাতলা চাদরও। খাবার থাকার পরও আমার জেদের মুখে বাবা ট্রেনের খাবার কিনে খাইয়েছিলেন। সুস্বাদু ক্র্যাকার্স আর কেকের স্বাদ যেন এখনও পাই।" বাষ্পীয় ইঞ্জিনে চলা সেই ট্রেনটির কথাও মনে করতে পারেন হাসিনা খাতুন। "পাথুরে কয়লায় চলা ট্রেনের কুটকুটে কালো ধোঁয়ায় চেহারা পর্যন্ত কালো হয়ে যেতো। মাঝে মাঝে কুউউ কুউউ করে বাঁশি দিতো। আবার নিচ দিয়েও বাষ্প বেরুতো। আমি আর বোন মাঝে মাঝে দেখার চেষ্টা করতাম, আসলে কী হচ্ছে। কিন্তু বাবা মাথা বের করতে দিতেন না। পরে অবশ্য দুলাভাই দেখিয়েছিলেন।" কলকাতা শহর দেখার কথা বলতে গিয়ে বলেন, "শিয়ালদায় নেমে আমরা গেলার আর্মহার্স্ট স্ট্রিটে। বাবার ছোঁয়াছুঁয়ির সমস্যা না থাকায় আমরা হিন্দু হোটেলেই উঠেছিলাম। হোটেলটার নাম ছিল সিসিল হোটেল। সেখানে থেকেই আলীপুর চিড়িয়াখানা, খিদিরপুর ডক আর ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক দেখেছি। প্রায় একমাসের মতো ছিলাম।" আর কী কী দেখেছেন জানতে চাইলে এবার যেন বয়সের কাছে হার মানেন হাসিনা খাতুন। "আর তো মনে করতে পারি না রে।" তারপরও স্মৃতি হাতড়ে বললেন, "৪৭ এ দেশ ভাগের পরও কিছুদিন ট্রেনটা চলতো। তারপরে আমাদের এলাকার লোকজন কলকাতা যেত জলপাইগুড়ি হয়ে। চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ী পর্যন্ত একটা ট্রেন চলত। সবাই বলত, পাসপোর্ট ট্রেন। হলদিবাড়ীতে পাসপোর্ট চেক করতো তাই এরকম নাম। চিলাহাটি থেকে পাসপোর্ট ট্রেনে হলদিবাড়ী যেতো, সেখান থেকে সবাই জলপাইগুড়িতে গিয়ে দার্জিলিং মেল ধরত।" দেশভাগের পর ভারতে আর যাওয়া হয়নি হাসিনা খাতুনের। সেখানে থাকা স্বজনদের অনেকের সঙ্গে শেষ দেখাও হয়নি। বিয়ের পর বাড়ির বাইরেও বেশি যাওয়া হয়নি। সেই যে হাসিনা বেগমের বাইরের দুয়ার হয়েছে, তা আর খোলেনি। এখন ঘোলাচোখে চেয়ে থাকেন, আর পুরনো দিনের 'স্মৃতি হাতড়ান' নাতি-নাতনিদের সঙ্গে। তাদের নিয়েই এখন হাসিনা খাতুনের পৃথিবী। আর এ পৃথিবীর মধ্যেই মাঝে-মধ্যে উঁকি দেয় হারানো সেই পৃথিবী। যে পৃথিবীতে ট্রেনে করে কলকাতা যাওয়ার একটি অংশও ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/এমএ/১৭১০ঘ.