২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অচিরেই: মানিক লাল সমদ্দার

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া অচিরেই শেষ করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমদ্দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 10:52 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া অচিরেই শেষ করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমদ্দার। শনিবার আগারগাঁওয়ে পরমাণু শক্তি কমিশনের ড. আনোয়ার হোসেন মিলনায়তনে 'পারমাণবিক শক্তি বাংলাদেশের জ্বালানির উৎস হিসেবে একটি অপরিহার্য উপায়' শীর্ষক এক সেমিনার তিনি এ কথা বলেন। বাংলাদেশ বিজ্ঞান ও উন্নয়ন সমিতি এ সেমিনারের আয়োজন করে। মানিক লাল বলেন, "বিদ্যুৎ ঘাটতির কারণে আমাদের উন্নয়ন ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাংলাদেশে জ্বালানির বিকল্প নিয়ে চিন্তা করার এখনই সময়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এটা এখন সময়ের দাবি।'' বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শেখ ওয়াহিদুজ্জামান বলেন, "প্রধান উপদেষ্টার নেতৃত্বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। আমরা আশা করছি, কয়েক বছরের মধ্যে তা স্থাপণের প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।" সমিতির সভাপতি এস এম ইমামুল হকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, অর্থনীতিবিদ আবুল বারাকাত, হারুন অর রশীদ, এম শহীদুল ইসলাম, প্রকৌশলী মুহাম্মদ এনামুল হক প্রমুখ। ৬০ এর দশকে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রকল্পটি হাতে নেওয়া হলেও পরে তা আর বাস্তবায়িত হয়নি। সেমিনারে জানানো হয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ৪৪২টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ২৬২৬ ট্রিলিয়ন ওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বিডিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/আরএ/জেকে/এমএ/১৬৪২ঘ.