২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দ, বেদনা সবই তুলে ধরতে পারে ডিজিটাল ইমেজিং: সিএস করিম

ডিজিটাল ইমেজিংকে অগ্রসরমান বিজ্ঞান হিসেবে অভিহিত করে কৃষি উপদেষ্টা সিএস করিম বলেছেন, রং, বেদনা সবকিছুই ডিজিটাল ইমেজিংয়ের মাধ্যমে তুলে ধরা যায়। তিনি বলেন, "ডিজিটাল ইমেজিং আসার পর এখন অনেক কিছু প্রকাশ করতেই কাগজ-কালি লাগে না। ইমেজিং-এর গুরুত্ব অপরিসীম। জাতীয় জীবনে যেসব তথ্যের প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো সংখ্যার বাইরেও ইমেজের মাধ্যমে দেয়া যেতে পারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 08:59 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ডিজিটাল ইমেজিংকে অগ্রসরমান বিজ্ঞান হিসেবে অভিহিত করে কৃষি উপদেষ্টা সিএস করিম বলেছেন, রং, বেদনা সবকিছুই ডিজিটাল ইমেজিংয়ের মাধ্যমে তুলে ধরা যায়। তিনি বলেন, "ডিজিটাল ইমেজিং আসার পর এখন অনেক কিছু প্রকাশ করতেই কাগজ-কালি লাগে না। ইমেজিং-এর গুরুত্ব অপরিসীম। জাতীয় জীবনে যেসব তথ্যের প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো সংখ্যার বাইরেও ইমেজের মাধ্যমে দেয়া যেতে পারে।" শনিবার হোটেল শেরাটনে ইমেজিং শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা সিএস করিম। বেলা সাড়ে ১১টার সময় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, "রং, বেদনা সবকিছুই ডিজিটাল ইমেজিংয়ের মাধ্যমে তুলে ধরা যায়। ইমেজের মাধ্যমে অনেক কিছুই ধরে রাখা যায়। মেডিকেল ডায়াগোনোসিস করার সময়ও ইমেজ দরকার হয়। একটি ছবি (ইমেজ) বিরাট তথ্য প্রকাশ করতে পারে।" ডিজিটাল ইমেজিং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে তিনি বলেন, "উপকরণ ও প্রশিক্ষণ দিলে আমাদের ভবিষ্যত প্রজন্ম অনেক উন্নয়ন করবে।" বক্তব্যে সবাইকে কপিরাইট আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, "আমরা অনেক সফটওয়্যার কপিরাইট চোরের মতো ব্যবহার করি। কপিরাইট দেয়া মানে পয়সা দেয়া নয়, এর মানে স্বীকৃতি এবং সম্মান দেয়া। ভালো পণ্যের জন্য অর্থ ব্যয় করব এমন প্রত্যয় আমাদের থাকা উচিত।" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের সহ-সভাপতি আবদুল্লাহ এইচ কাফি। বিশেষ অতিথি বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল ক্যামেরা আমদানির উপর ২৫ শতাংশ কর এবং ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা আছে। এর ফলে ক্যামেরা বৈধভাবে আমদানি না হয়ে চোরাই পথেই বেশি আসছে। এই বিষয়টির ব্যাপারে সুবিচার করার জন্য এবং বাজেটে ডিজিটাল ক্যামেরার ওপর থেকে কর ও শুল্ক উঠিয়ে নেয়ার ব্যাপারে ভূমিকা রাখার জন্য তিনি উপদেষ্টার কাছে আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক বলেন, "ডিজিটাল ক্যামেরা আমদানীর ওপর উচ্চহারে শুল্ক রয়েছে। অথচ একই ধরনের ক্যামেরাসহ মোবাইল ফোন সেটের ওপর খুব কম শুল্ক আছে। বিষয়টি অযৌক্তিক।" তিনি বলেন, "এখানে একসঙ্গে অনেকগুলো অত্যাধুনিক পণ্য আমরা দেখতে পাচ্ছি। বাইরে দোকানে দোকানে ঘুরে এতোগুলো পণ্য একসঙ্গে দেখা সম্ভব হয় না।" অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই মেলার আয়োজিত হবে বলে আশা প্রকাশ করেন। দেশের প্রথম ইমেজিং শো-এর আয়োজন করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা মেকার। সংস্থাটির কৌশলগত ব্যবস্থাপক মোহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশে এই প্রথম বারের মতো ইমেজিং শো আয়োজন করা হয়েছে। এতে ক্যামেরা এবং প্রিন্টার প্রস্তুতকারী আটটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তিনি এই মেলার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, একটি ছবিকে ধারণ করা থেকে শুরু করে তাকে কাগুজে পর্দায় রূপ দিতে এর পিছনে যে যন্ত্রাংশ গুলো কাজ করে তার প্রায় সবকিছূই আছে এই ইমেজিং শোতে। এতে অংশ নেয়া উল্ল্যেখযোগ্য প্রতিষ্ঠান হলো এইচপি, ইন্টেল, ক্যানন, স্যামসাং, লেক্সমার্ক, ফ্লোরা। ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কিউএইচ/জিএনএ/১৪৫১ ঘ.