২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি ধরতে গিয়ে অস্ত্র খোয়ালো পুলিশ, পরে উদ্ধার

সিলেটের ওসমানীনগরে শুক্রবার রাতে আসামি ধরতে গিয়ে পুলিশের একটি অস্ত্র খোয়া যায়। আসামিদের সহযোগীদের হামলায় চার পুলিশ সদস্যও আহত হন। পরে ব্যাপক অভিযান চালিয়ে ভোরের দিকে খোয়া যাওয়া রাইফেলটি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 06:42 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

সিলেট, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানীনগরে শুক্রবার রাতে আসামি ধরতে গিয়ে পুলিশের একটি অস্ত্র খোয়া যায়। আসামিদের সহযোগীদের হামলায় চার পুলিশ সদস্যও আহত হন। পরে ব্যাপক অভিযান চালিয়ে ভোরের দিকে খোয়া যাওয়া রাইফেলটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওসমানী থানার আট সদস্যের এক দল পুলিশ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামের তোরাব আলীর বাড়ি যায়। পুলিশ তোরাব আলীকে আটক করে তাকে সনাক্ত করার জন্য পাশের একটি বাড়িতে নিয়ে যায়। ওই সময় বাড়ির লোকজনসহ গ্রামবাসী পুলিশকে ঘিরে ফেলে। তারা পুলিশের ওপর হামলা চালিয়ে একটি রাইফেল ছিনিয়ে নেয়। হামলায় আহত হয় চার পুলিশ সদস্য। তারা হলেন, উপ-পরিদর্শক হুমায়ূন, সহকারী উপ-পরিদর্শক আব্দুস সামাদ, কনস্টেবল আবদুল বাতিন ও ইউনুস। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ কর্মকর্তা হুমায়ূন সাংবাদিকদের বলেন, "৪০/৫০ জনের একটি সশস্ত্র দল তাদের ঘিরে দা, লাঠি, বল্লম, ক্ষুর নিয়ে হামলা চালায়। পরে আরও লোকজন তাদের সঙ্গে যোগ দেয়। সন্ত্রাসীরা আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় আমি একটি খালে ঝাঁপিয়ে পড়ে আত্মগোপন করি।" পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদ হোসেনের নেতৃত্বে থানা থেকে বিপুল সংখ্যক পুলিশ সিরাজনগর গ্রামে অভিযানে নামে। তারা আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করে। পরে ভোর সাড়ে ৪টার দিকে সিরাজনগর আদর্শ মহল্লা জামে মসজিদের কবরস্থান থেকে বস্তাবন্দি অবস্থায় লুট হওয়া রাইফেলটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তোরাব আলীও পালিয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৪ ঘ.