ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় শান্তি কার্যক্রম সংক্রান্ত অনুশীলন 'শান্তি দূত-২ এর সনদ বিতরণী শুক্রবার হোটেল র্যাডিসন এ অনুষ্ঠিত হয়।
নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুশীলনে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে নৌ প্রধান বলেন, "আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে শান্তিরক্ষীদের সর্বোচ্চ মান অর্জন এবং তা বজায় রাখতে সচেষ্ট রয়েছে।"
বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদস্যদের অংশগ্রহণে ১ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত কমান্ড পোস্ট অনুশীলন হোটেল র্যাডিসনে অনুষ্ঠিত হয়।
অনুশীলনে অংশগ্রহণকারীদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যেসব দায়িত্ব পালন করতে হয় তার ওপর তাত্ত্বিক জ্ঞান দেওয়া হয়।
বাংলাদেশের ২৫ জনসহ বিশ্বের ১৭টি দেশের প্রায় ১০০ কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন এবং ১১টি দেশের ২২ জনের একটি পর্যবেক্ষক দল তা পরিদর্শন করেন।
সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অনুশীলন ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব হায়দার খানসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২৩০৭ঘ.
bdnews24