ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরো মৌসুমে কৃষিখাতে ভর্তুকির টাকা বিতরণের জন্য যত দ্রুত সম্ভব প্রকৃত কৃষকদের তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন কৃষি ও পানিসম্পদ উপদেষ্টা ড. সি এস করিম।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠানরত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে রোববার প্রথম কার্য অধিবেশনে এ নির্দেশ দেওয়া হয়। উপদেষ্টা কৃষি এবং পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকদের দিক-নির্দেশনা দেন।
বোরো মৌসুমে কৃষিখাতে ডিজেল সরবরাহ বাবদ ভর্তুকির সাড়ে ৭০০ কোটি টাকা বিতরণ আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে।
ড. সি এস করিম বলেন, "সরকার কৃষিখাতের উন্নয়নে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করেছে। কিন্তু বেশিরভাগ কৃষকই তা জানে না। বিষয়টি কৃষকদের জানাতে ব্যাপক প্রচার চালাতে হবে।"
সম্মেলনে রাজশাহীর বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঁইয়া বলেন, "মাঠ পর্যায়ে কৃষিঋণ বিতরণে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির কারণে কৃষকরা যথাযথভাবে ঋণ পাচ্ছে না। এ বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।"
তিনি পার্বত্য চট্টগ্রাম এলাকায় বেশি করে ফল চাষ এবং দেশি ফল রপ্তানি করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
সিলেটের বিভাগীয় কমিশনার আজিজ হাসান বলেন, "বিভিন্ন উন্নয়ন কাজের যে দরপত্র হচ্ছে এর অভিজ্ঞতা ভালো নয়। দরপত্রের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম হচ্ছে। যারা দরপত্র পাচ্ছে তারাও নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে ঠিকমতো কাজ করতে পারছে না। এ জন্যও সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।"
তিনি কৃষকদের জন্য সার বিতরণের কার্ডের ব্যবস্থা অব্যাহত রাখার পরামর্শ দেন। এছাড়া সীমান্ত এলাকা দিয়ে নিম্নমানের বীজ প্রবেশ রোধ করার জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
উপদেষ্টা সি এস করিম চলতি বোরো মৌসুমে সাফল্যের সঙ্গে সার ও বীজ বিতরণে ভূমিকা রাখার জন্য জেলা প্রশাসকদের ধন্যবাদ জানান এবং আগামীতেও তা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমআই/এসকে/১৪৪১ঘ.
bdnews24