২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনভেনশনের অনুমতি পেয়েছেন সেক্টর কমান্ডাররা

যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ২১ মার্চ সেক্টর কমান্ডারস ফোরামকে জাতীয় কনভেনশন করার অনুমতি দিয়েছে সরকার। ফোরামের সমন্বয়ক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জামিল ডি আহসান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ২১ মার্চ সেক্টর কমান্ডারস ফোরামকে জাতীয় কনভেনশন করার অনুমতি দিয়েছে সরকার। ফোরামের সমন্বয়ক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জামিল ডি আহসান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "আজ (বুধবার) কনভেনশন অনুষ্ঠানের অনুমতিপত্র আমরা হাতে পেয়েছি। শান্তিপূর্ণভাবে কনভেনশন হবে বলে আমরা আশা করছি। এ ব্যাপারে পুলিশ প্রশাসন আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছে।" এর আগে মঙ্গলবার সংবাদ ব্রিফিংয়ে ফোরম নেতারা বলেছিলেন, কনভেনশনে সরকার বাধা দিলে 'যেখানেই বাধা সেখানেই অবস্থান' কর্মসূচি পালন করা হবে। বনানীর কার্যালয়ে ওই ব্রিফিংয়ে ফোরামের প্রধান সমন্বয়ক সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশীদ বলেন, "কনভেনশন আয়োজনে কোনো বাধা আসলে, যেখানে বাধা দেওয়া হবে সেখানে অবস্থান নিয়েই আমরা আমাদের বক্তব্য জাতিকে জানিয়ে দেব।" ওইদিনই তিনি সরকারের শর্ত মেনে ঘোষিত তারিখে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় কনভেনশন আয়োজনের কথা জানিয়েছিলেন। গত ১৩ ডিসেম্বর যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে এই জাতীয় কনভেনশন হওয়ার কথা ছিল। তবে মাত্র একদিন আগে অনুমতি পাওয়ায় সে সময় কনভেনশন অনুষ্ঠিত হয়নি। পরে ১৫ মার্চ কনভেনশন করার অনুমতি চেয়ে গত ১৪ জানুয়ারি আবেদন জানায় ফোরাম। তবে 'আইন শৃঙ্খলা অবনতির' কথা উল্লেখ করে ১৩ মার্চ অনুমতি না দেওয়ার বিষয়টি ফোরামকে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসএনডি/১৯৩৩ ঘ.