চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পোর্ট কলোনি এলাকায় শুক্রবার গভীর রাতে কনসার্ট চলাকালে দর্শকদের কয়েকজনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাকির হোসেন (২২) নামে এক যুবক মারা গেছেন। আহত হয়েছেন আরেক যুবক শাহ আলম (২৪)।
জাকির পোর্ট কলোনি ৩ নম্বর রোডের বাসিন্দা মো. হানিফের ছেলে।
আহত শাহ আলম বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন। তিনি বন্দর এলাকার মনসুর মার্কেটে নিরাপত্তা প্রহরীর কাজ করেন।
বন্দর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে পোর্ট কলোনি ৪ নম্বর রোডের নতুন মসজিদের কাছে কনসার্ট চলাকালে দুই পক্ষের হাতাহাতির এক পর্যায়ে সন্ত্রাসীরা জাকির ও শাহ আলমকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহতাবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান জাকিরের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ কর্মকর্তা রুহুল আমীন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৫২২ ঘ.
bdnews24