২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জেএমবির সিরিজ বোমা হামলার বিচার কাজ শুরু

খুলনায় সিরিজ বোমা হামলার বিচার কার্যক্রম জেলার ৪ নং বিশেষ ট্রাইব্যুনালে বৃহম্পতিবার শুরু হয়েছে। বিচারক মো. বারেকুজ্জামান তিন সাক্ষীর প্রতি সমন জারি এবং আগামী ১০ মার্চ সাক্ষ্য নেওয়ার পরবর্তী তারিখ ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

খুলনা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় সিরিজ বোমা হামলার বিচার কার্যক্রম জেলার ৪ নং বিশেষ ট্রাইব্যুনালে বৃহম্পতিবার শুরু হয়েছে। বিচারক মো. বারেকুজ্জামান তিন সাক্ষীর প্রতি সমন জারি এবং আগামী ১০ মার্চ সাক্ষ্য নেওয়ার পরবর্তী তারিখ ধার্য করেন। বিচার কাজ শুরুর প্রথম দিন আদালতে উপস্থিত না থাকায় মামলার বাদী বটিয়াঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন এবং অপর দুই সাক্ষী মো. আবদুল হাকিম গাজি ও মাসুদা বেগমের প্রতি সমন জারি করা হয়েছে। অতিরিক্ত সরকারি কৌসুলি এসএম শামীমউজ্জামান জানান, জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা গত ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা সোয়া ১১ টায় খুলনা বিশ^বিদ্যালয়ের ছাত্র হলের সামনে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত এবং জেএমবির লিফলেট উদ্ধার করে। এ ঘটনায় খুলনার বটিয়াঘাটা থানার উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে বিস্ফোরক আইনে ১৭ জনকে মামলা করেন। ২০০৫ সালের ১৫ নভেম্বর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান আদালতে অভিযোগপত্র দেন। আসামিরা হলেন- জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, মো. রুহুল কুদ্দুস, আসাদুল ইসলাম, তানভির হোসেন, আবু হানিফ, ফিরোজ, মো. শহিদুল্লাহ লোকমান, মাহাবুবুর রহমান লিটন, শায়খুল ইসলাম সাইফুল, হাফেজ মাহমুদ, মাহফুজ, মুসা, ছাব্বির, সাকিব, আবদুল্লাহ ও মামুন। এদের মধ্যে শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের ফাঁসি হয়েছে। অপর ১৫ জনের মধ্যে রুহুল কুদ্দুস, মো. শহিদুল্লাহ লোকমান, মাহবুবুর রহমান লিটন ও হাফেজ মাহমুদ কারাগারে আছেন। বাকী ১১ জন রয়েছেন পলাতক। আটক চার আসামির মধ্যে মো. শহিদুল্লাহ লোকমান ও মাহবুবুর রহমান লিটন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৪ ঘ.