২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলাদেশের জন্ম ঠেকাতে চেয়েছিল ব্রিটেনও'

যুক্তরাষ্ট্রের প্রকাশ্য মুক্তিযুদ্ধ বিরোধিতার বিষয়টি প্রায় সবার জানা। সাবেক ভারতীয় এক কূটনীতিক সদ্য প্রকাশিত এক বইয়ে দাবি করছেন, যুক্তরাষ্ট্রের এই চেষ্টায় মদদ ছিল তাদের স্নায়ুযুদ্ধকালীন মিত্র ব্রিটেনেরও। টাইমস অফ ইন্ডিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন ফাহমিদা ফারজানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 07:43 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

নয়াদিল্লি, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ থামাতে সেসময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাংলাদেশের শীর্ষ এক আইনজীবীকে প্রভাবিত করার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন সাবেক এক ভারতীয় কূটনীতিক। ওই কূটনীতিকের সদ্যপ্রকাশিত এক বইয়ের বরাত দিয়ে সোমবার টাইমস অফ ইন্ডিয়া জানায়, 'হিন্দু প্রধান ভারত' 'মুসলিম প্রধান বাংলাদেশ' এর কাছে হুমকি হয়ে উঠতে পারে- এভয় দেখিয়ে স্নায়ুযুদ্ধকালীন মিত্র দেশ দুটি বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে যুদ্ধ থামাতে প্রভাবিত করে। শশাঙ্ক এস ব্যানার্জি রচিত 'আ লং জার্নি টুগেদার: ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ' বইটিতে বলা হয়েছে, ঢাকা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবু সাঈদ চৌধুরী পশ্চিমাদের এ ধরনের প্রস্তাব শুধু প্রত্যাখানই করেননি বরং যুক্তরাষ্ট্রের এমন গোপন উদ্দেশ্যের কথা তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে জানিয়ে দেন। শশাঙ্ক এস ব্যানার্জী দাবি করছেন, লন্ডনে ইন্দিরা গান্ধীকে আবু সাঈদ জানান যুক্তরাজ্যের সহকারী পররাষ্ট্রমন্ত্রী জোসেফ সিসকো তড়িঘড়ি করে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পক্ষ হয়ে তার সঙ্গে যোগাযোগ করেন। প্রেসিডেন্ট নিক্সন পাকিস্তান বিভক্তির বিপক্ষে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় কারাবন্দী শেখ মুজিবর রহমানকে সমর্থন করা বাদ দিলে আবু সাঈদকে অবিভক্ত পাকিস্তানের প্রেসিডেন্ট করার লোভ দেখানো হয়। বইটি বলছে," আবু সাঈদের কথায় ইন্দিরা একটুও অবাক হননি। স্নায়ুযুদ্ধের সময়ের মার্কিন-পাকিস্তানের দৃঢ় কৌশলগত মিত্রতার কথাটিই নিশ্চিত করে তা।" শশাঙ্কের মতে, আবু সাঈদ মার্কিন কূটনীতিকের এই প্রচেষ্টাকে 'পাকিস্তানের ভাঙ্গনরোধে শেষ চেষ্টা' হিসেবে চিহ্নিত করে ঠিকই করেছেন। ইন্দিরা গান্ধীকে আবু সাঈদ বলেন, " মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা তাকে এবিষয়টিই বোঝানোর চেষ্টা করেছেন যে, মুসলিম অধ্যুষিত পূর্ব পাকিস্তান স্বাধীনতা অর্জন করলেও হিন্দু প্রধান ভারতের কারণে তা রক্ষা করা তাদের পক্ষে কঠিন হয় দাঁড়াবে।" ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার আলেক ডগলাস-হোম আবু সাঈদের সঙ্গে আলাদাভাবে সাক্ষাত করেও একই ধরনের কথা বলেন। তিনি সাঈদকে বোঝানোর চেষ্টা করেন যে, হিন্দু প্রধান ভারত আশপাশের দেশগুলোকেও গ্রাস করে ফেলবে, যাতে বাংলাদেশও রয়েছে। সাঈদ তাকে আশ্বস্ত করেন, এনিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। লন্ডনে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাঈদের সাক্ষাতের আরও একটি কারণ ছিল বাংলাদেশকে দ্রুত স্বীকৃতি দেওয়ার জন্য তাকে অনুরোধ করা। সাঈদ উপলব্ধি করতে পেরেছিলেন, ভারতের কূটনীতিক স্বীকৃতি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে আরও জোরদার করবে। লন্ডনে থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে আর্ন্তজাতিক জনমত গঠনে নেতৃত্ব দেন আবু সাঈদ। স্বাধীনতার পর তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি করা হয় এবং ১৯৭২-৭৫ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। শেষপর্যন্ত পাকিস্তানীরা শেখ মুজিবকে মুক্তি দিলে তিনি সরাসরি লন্ডনে যান। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দিল্লি হয়ে তার ঢাকা যাওযার কথা ছিল। শশাঙ্কের দাবি, "এয়ার ইন্ডিয়ার বিমান শত্র"দের পাতা ফাঁদে পড়তে পারে আশঙ্কায় গান্ধী ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথকে তাদের রাজকীয় বিমানবাহিনীর একটি বিমানে বাংলাদেশী নেতাকে দিল্লি পাঠাতে বলেন। সেখান থেকে ঢাকা পৌঁছানোর ব্যবস্থাও একই বিমানে। ব্রিটিশ বিমানে করে পাঠানোর পেছনে ছিল এই কারণই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১৩১০ ঘ.