২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলায় মুফতি হান্নানসহ চার জঙ্গি ৭ দিনের রিমান্ডে

সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ চার জঙ্গিকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

হবিগঞ্জ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ চার জঙ্গিকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি'র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. হেলাল উদ্দিন তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া অপর তিন জঙ্গি হলেন- মহিব উল্লাহ মফিজ ওরফে অভি (৩০), শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল (৩৮), হাফেজ সৈয়দ নাঈম আহমদ ওরফে আরিফ (৩২)। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভা শেষে সমাবেশস্থল থেকে বের হওয়ার সময় গ্রেনেড হামলায় কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা মঞ্জুসহ পাঁচজন নিহত হন। ওই দিন রাতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দু'টি মামলা করেন। মামলা দু'টির তদন্ত কর্মকর্তা সিআইডি'র পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি এ কে এম আব্দুল কাইউমসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তবে মামলার বাদী এ অভিযোগপত্রের ওপর নারাজি দেন। সোমবার কড়া নিরাপত্তার মধ্যে মুফতি আব্দুল হান্নানসহ চার জঙ্গিকে হবিগঞ্জ অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের বক্তব্য শোনে। মুফতি হান্নানসহ সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। অপরদিকে আদালত পরিদর্শক ফজলুল করিম এবং বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর ভূইয়া বাবুল জিজ্ঞাসাবাদের জন্য চার জঙ্গিকে ১০ দিনের রিমান্ড নেওয়ার আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করে। আইনজীবী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাইকোর্টের আদেশে মামলা দু'টির কার্যক্রম বর্তমানে স্থগিত আছে। দেশের বিভিন্ন স্থানে গ্রেনেড হামলা মামলার তদন্ত করতে গিয়ে সিআইডি কর্মকর্তারা কিবরিয়া হত্যাকাণ্ডের সঙ্গে হরকাতুল জিহাদ জঙ্গিদের সম্পৃক্ততা খুঁজে পান। এর পরিপ্রেক্ষিতে মুফতি হান্নানসহ এ চার জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, চার জঙ্গিকে বিকেলে সিলেট কারাগারে পাঠানো হয়েছে। তবে তাদের কবে থেকে এবং কারা জিজ্ঞাসাবাদ করবে সেটা তিনি জানাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০২ ঘ.