নোয়াখালী, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর জমিদারহাট বড়পুল এলাকায় চৌমুহনী-ফেনী সড়কে মঙ্গলবার সকালে বাসের সঙ্গে ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ম্যাক্সি চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত যাত্রী।
দুর্ঘটনার কারণে চৌমুহনী-ফেনী সড়কে সকাল ৯টা থেকে ১০ পর্যন্ত এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
নিহতরা হলেন- ম্যাক্সি চালক সুমন (২৫), যাত্রী নুরুল হক (৬৫), নুরুল ইসলাম (৫০) ও আবুল কাশেম (৫৫)।
আহতদের মধ্যে নির্মল (২২) নামে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল আলী নামে আহত আরেকজনকে একই হাসপাতালে ভর্তি করা পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পাঠানো হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, যাত্রীবাহী ম্যাক্সিটি উপজেলার চৌমুহনী থেকে সেনবাগের সেবারহাট যাচ্ছিল। সকাল ৯ টার দিকে জমিদারহাটের বড়পুলের কাছে পৌঁছানোর পর ফেনী থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে ম্যাক্সি চালক সুমন ও যাত্রী নুরুল হক মারা যান। আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যান নুরুল ইসলাম ও আবুল কাসেম।
ওসি জানান, নিহত আবুল কাসেম সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তবে হতাহত বাকিদের পরিচয় তিনি জানাতে পারেননি।
সকাল ১০ টার পর সড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়ে আসে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩০ ঘ.
bdnews24