ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জোট সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের আনা অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
অভিযোগ প্রত্যাখ্যান করলেও 'সঠিকভাবে মনে করতে পারছিনা' জানিয়ে ওই ধরনের একটি ঘটনার কথা স্বীকারও করেছেন তিনি।
সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের কড়া সমালোচক মাহমুদুর রহমানের অভিযোগ, ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় হাসান মশহুদ বৈদেশিক মুদ্রা লেনদেন খাতে লোকসান দেখিয়ে ব্যাংকের প্রায় ২০ কোটি টাকা বিদেশে পাচার করেন।
এ অভিযোগ এনে শনিবার মামলা করার চেষ্টা করে ব্যর্থ হন মাহমুদুর রহমান। আইনি জটিলতা দেখিয়ে সে মামলা পুলিশ নেয়নি।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাসান মশহুদ বলেন, "আমি স্পষ্ট ও পরিস্কার ভাষায় বলতে চাই, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। এ বিষয়ে আরও জানতে হলে আপনাদের ট্রাস্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে।"
তবে ওই ধরনের একটি ঘটনা ঘটেছিল- স্বীকার করে তিনি বলেন, "কোনো একটা কারণে আর্থিক ক্ষতির ঘটনা ঘটেছিল। তবে এর অ্যামাউন্টটা সম্পর্কে আমি বলতে পারবো না। যারা তাতে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ নিয়ে দুটি মামলাও চলছে।"
ট্রাস্ট ব্যাংকের যে আর্থিক ক্ষতি হয়েছে তার দায়িত্ব কে নেবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন,"এই লোকসানের দায় ট্রাস্ট ব্যাংককেই নিতে হবে। আমি বা অন্যরা ওই সময় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্তটা নিয়েছিলাম।"
তবে সিদ্ধান্তটা মনে করতে পারেননি তিনি।
মানহানির কোনও মামলা করার পরিকল্পনা আছে কিনা- জানতে চাইলে সাবেক সেনাপ্রধান মশহুদ বলেন, "যে কেউ অভিযোগ আনতে পারেন। সেটা খণ্ডন করার দায়িত্ব আমার। এর বিরুদ্ধে আইনি লড়াই হবে।"
তিনি বলেন,"দুদক এবং আমার কার্যক্রমে যাদের অনুযোগ রয়েছে, তারাই এই ধরনের অভিযোগ এনেছে। মানুষের বাক স্বাধীনতা রয়েছে।"
এই অভিযোগর কারণে দুদক চেয়ারম্যান হিসেবে আপনার অবস্থান নড়বড়ে হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে সাবেক এ উপদেষ্টা বলেন,"আমি তা মনে করিনা। আগেও বলেছি পিছিয়ে আসার কোনো কারণ নেই। আমি লড়াই করে যাবো।"
বিষয়টি নিয়ে দুদক তদন্ত করবে কি না? এর জবাবে তিনি বলেন,"মামলা হলে অবশ্যই নিয়ম অনুযায়ী কমিশন তা তদন্ত করবে।"
থানায় আপনার বিরুদ্ধে মামলা নেয়নি-এতে আপনি কোনো প্রভাব বিস্তার করেছেন কি না জানতে চাইলে? এই প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন,"না, আমি এটা কখনো করি না।"
'ডিওএইচএস-এ রাজধানী উন্নয়ন বোর্ডের (রাজউক) অনুমোদিত নকশার বাইরেও স্থাপনা তৈরি করা হয়েছে। এরপর তা নিয়ম অনুযায়ী না ভেঙে সামান্য অর্থ জারিমানা করে তা বৈধ করা হয়েছে।' মাহমুদুর রহমানের মালাকানাধীন আমার দেশ পত্রিকায় প্রকাশিত খবর সম্পর্কে জবাবে তিনি বলেন,"এটা ঠিক যে নিয়ম মানা হয়নি। সেনাবাহিনীতে ফিরে আসার পর কমিটির মাধ্যমে সে বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম।"
'অন্যদের ক্ষেত্রে এটা হলে স্থাপনা ভেঙে ফেলা হয়, তাহলে বিষয়টা এক দেশে দুই আইন হয়ে গেলনা ?' এ প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন,"এক দেশে দুই আইন হতেই পারে। সেখানে কিছু নিয়ম আছে। সেই অনুযায়ী কাজ করা হয়। অন্যদের ক্ষেত্রে কী হয়েছে, তা দেখার জন্য যারা রয়েছে তারাই বিষয়টা ভালো জানেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/এমআই/এসকে/জিএনএ/১৯৩৩ ঘ.
bdnews24