কুষ্টিয়া, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেড়ামারা উপজেলার চণ্ডিপুর মাঠে রোববার সকালে একটি ইট ভাটার শ্রমিকদের হামলায় আহত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদুর রহমান মল্লিক ও তার গাড়ির চালক আমিরুল ইসলাম বাবলু।
ইউএনও আজাদুর রহমান মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইট ভাটায় অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহৃত হচ্ছে এই অভিযোগ পেয়ে চণ্ডিপুর মাঠের একটি ইট ভাটায় সকাল সোয়া ১০ টার দিকে অভিযান চালানো হয়। সেখানে পৌঁছার পর বেশ কিছু জ্বালানি কাঠ জব্দ করা হয়। এ সময় ইট ভাটার শ্রমিকরা আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। আমার ডান হাতে ও চালকের মাথায় ইট লাগে।"
শ্রমিকদের হামলা মুখে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে তিনি জানান।
ইউএনও জানান, ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে কোনো পুলিশ ছিল না। পরে দমকল কর্মীরা এসে ভাটার আগুন নিভিয়ে দেয়।
আহত আজাদুর রহমান মল্লিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও চালক আমিরুল ইসলাম বাবলুকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. ছালেহ জানান, সরকারি কাজে বাধা দানের অভিযোগে সংশ্লিষ্ট ইট ভাটার মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯৫৫ ঘ.
bdnews24