২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সহায়তা দিন: অর্থ উপদেষ্টা

ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সহায়তা করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম। শনিবার হোটেল শেরাটনে 'সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার' বিতরণ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, "আমি ব্যাংকিং ও নন-ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর প্রতি বলছি, আপনারা ঋণ দেওয়ার প্রচলিত নিয়মের বাইরে এসে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করুন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 06:30 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সহায়তা করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম। শনিবার হোটেল শেরাটনে 'সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার' বিতরণ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, "আমি ব্যাংকিং ও নন-ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর প্রতি বলছি, আপনারা ঋণ দেওয়ার প্রচলিত নিয়মের বাইরে এসে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করুন।" উপদেষ্টা বলেন, বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তারা পুঁজি সঙ্কটে ভুগছেন, অথচ তারা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না। কারিগরি ও বিপণন সংশ্লিষ্ট বাধাগুলো অতিক্রম করার জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজির প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, "এসব উদ্যোক্তাকে আর্থিক সহযোগিতা দিয়ে দেশের অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে হবে।" তাইওয়ান ও জাপান তাদের ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের উদ্যোক্তাদের সহযোগিতা দেয়ার মাধ্যমে কীভাবে নিজেদের অর্থনীতির উন্নয়ন ঘটিয়েছে তাও উল্লেখ করেন তিনি। দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে সিটি ব্যাংক এনএ ও শক্তি ফাউন্ডেশন গত তিন বছর ধরে 'সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার' দিয়ে আসছে। শনিবারের অনুষ্ঠানে ২০০৭ সালের জন্য মোট চারটি বিভাগে তিনজন উদ্যোক্তা ও একটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। প্রত্যেক বিজয়ীকে সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয় তিন লাখ টাকা। ২০০৭ সালের সেরা ক্ষুদ্র উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন যশোরের বরিসন বেগম। সেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা হয়েছেন সাতক্ষীরার রহিমা বেগম। এছাড়া যশোরের আনোয়ারুল ইসলাম সেরা সৃষ্টিশীল ক্ষুদ্র উদ্যোক্তা এবং পাবনার অনন্য সমাজ কল্যাণ সংস্থা বছরের সেরা ক্ষুদ্র উদ্যোক্তা সংস্থার পুরস্কার পেয়েছে। এ বছর এই পুরস্কার বিষয়ক পরামর্শক পরিষদের চেয়ারম্যান ছিলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআর/ডিডি/জেকে/এসকে/এসকে/০০২৬ঘ.