২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের দাম আবার বেড়েছে

রাজধানীর বাজারগুলোতে চালের দাম আবার বেড়েছে। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি চালের দাম দুই থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব খুচরা বাজারে পড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। পাইকাররা বলছেন, সরবরাহ কম বলেই দাম বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 11:53 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাজারগুলোতে চালের দাম আবার বেড়েছে। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি চালের দাম দুই থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব খুচরা বাজারে পড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। পাইকাররা বলছেন, সরবরাহ কম বলেই দাম বেড়েছে। তবে সয়াবিন তেলের দাম গত সপ্তাহে বাড়ার পর এখন স্থিতিশীল রয়েছে। বাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ প্রচুর; দাম স্থিতিশীল। ব্যবসায়ীরা জানিয়েছেন, গত কয়েক দিনে পাইকারি বাজারে সব ধরনের চাল মন প্রতি প্রতি পঞ্চাশ থেকে দেড়শ টাকা বেড়েছে। কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চালের দাম স্বাভাবিক রাখতে সরকার যৌথবাহিনী দিয়ে বাজার তদারকির ঘোষণা দিয়েছে। এতে অনেক ব্যবসায়ী আগেই চালের দাম বাড়িয়ে দিয়েছে।" কারওয়ান বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে মোটা চাল হিসেবে পরিচিত ইরি গুটি ৩৫ টাকায়। এছাড়া পারি ৩৫ থেকে ৩৭ এবং পাইজাম ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। বিআর-২৮ ও লতা-২৮ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়। সরু চালের মধ্যে ভালো মানের মিনিকেটের দাম কেজি প্রতি ৪৬ থেকে ৪৮ টাকা; সাধারণ মানেরটি ৪৪ টাকা। নাজিরশাইল চাল পাওয়া যাচ্ছে ৪২ থেকে ৪৬ টাকায়। একই চিত্র দেখা যায়, নিউমার্কেট, পলাশী, মোহাম্মদপুরের টাউন হল ও কৃষি মার্কেটেও। গত সপ্তাহে প্রতি কেজি ইরি গুটির দাম ছিল ৩৩ টাকা। এছাড়া পারি ৩৩ থেকে ৩৫ টাকায়, পাইজাম ৩৪ টাকায় বিক্রি হয়েছে। বিআর-২৮ ও লতা-২৮ এর দাম ছিল ৩৯ থেকে ৪০ টাকা। সরু চালের মধ্যে ভালো মানের মিনিকেটের দাম ছিল ৪৪ থেকে ৪৬ টাকা। নাজিরশাইল ৪০ থেকে ৪৪ টাকা। রাজধানীর আড়তদাররা বলছেন, সরবরাহ কম বলে চালের দাম বাড়ছে। রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার বাবুবাজারের আশা ট্রেডার্সের পরিচালক গোলাম কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোকামগুলোতে চালের সরবরাহ কম। তাই দাম খানিকটা বেড়েছে। আমদানি করা চাল বাজারে এলে দাম কমবে।" খুচরা বাজারে ভোজ্য তেল এবং শাক-সব্জির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। কমেছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে বিভিন্ন কোম্পানির ৫০০ ও ৯০০ মিলিলিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে যথাক্রমে ৬০ ও ১১০ টাকায়। তবে বিডিআরের ন্যায্যমূল্যের দোকানে খোলা সয়াবিন ৮৪ টাকায়, দুই লিটারের বোতল ১৭৬ এবং পাঁচ লিটারের বোতল ৪৩৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচাবাজারগুলোতে শুক্রবার প্রতি কেজি শিম ১৪ টাকা, কাঁচামরিচ ২০ থেকে ২৪ টাকা, আলু ১৪ থেকে ১২ টাকা, টমেটো ১৮ টাকা, মুলা ৬ টাকা, গাজর ১৪ টাকা, পেঁপে ১০ টাকা, শালগম ৬ টাকা, গোল বেগুন ১৮ টাকা, লম্বা বেগুন ১৪ টাকা, করলা ১৮ টাকা, উচ্ছে ২০ টাকা, বরবটি ২০ টাকা এবং কাঁচা টমেটো ৮ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া প্রতিটি ফুলকপি ১২ টাকা, বাঁধাকপি ১০ টাকা ও লাউ ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হতে দেখা যায়। শাকের মধ্যে এক আঁটি লালশাক ২ থেকে ৩ টাকা, পালং শাক ৩ টাকা, ডাঁটাশাক ২ টাকা এবং মাঝারি আকারের ডাটা বিক্রি হচ্ছে ৩ থেকে ৪ টাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৪০৩ ঘ.