২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ চিকিৎসককে উদ্ধারের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন

বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিখোঁজ এক চিকিৎসককে উদ্ধারের দবিতে বুধবার হাসপাতালটির শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা ধানমন্ডির সাতমসজিদ সড়কে মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিখোঁজ এক চিকিৎসককে উদ্ধারের দবিতে বুধবার হাসপাতালটির শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা ধানমন্ডির সাতমসজিদ সড়কে মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাজার্রি বিভাগের রেজিস্ট্রার ডা. মোফাখখারুল আহমেদ ওরফে সোহেল (৪৫) গত ১১ জানুয়ারি সকালে তার সাতমসজিদ রোডের বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। তার অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে না পেরে স্বজন ও সহকর্মীরা উদ্বিগ্ন। হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা বুধবার সকাল ১১ থেকে দুপুর ১টা পর্যন্তমানবন্ধন কর্মসূুচী পালন করেন। এতে অন্যদের মধ্যে হাসপাতালের পরিচালক অধ্যাপক আবু আহমেদ চৌধুরী, অনারারী সেক্রেটারি অধ্যাপক সি, এইচ কবির, অধ্যক্ষ অধ্যাপক এম, এ জামান, উত্তরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাসান সাঈদ সহরোওয়ার্দী , অধ্যাপক মোহাম্মদ হাসান, বাংলাদেশ ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ ডা. নিয়াজ আহমেদ চৌধুরী, অধ্যাপক আকতার মোর্শেদ, সহযোগী অধ্যাপক লে. কর্নেল (অব.) মোফাজ্জল হোসেন, অতিরিক্ত পরিচালক এ, কে সামছুল হক, অধ্যাপক মজিবুল হক মোল্লা, সহযোগী অধ্যাপক এহসানুল কবির জগলুল, ডা. নাফিস আহমেদ চৌধুরী এবং ডা. খালিদ হাসান অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের সহকর্মীকে জীবিত উদ্ধার করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন। এদিকে গাইবান্ধায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের খবর পেয়ে সোহেলের উদ্বিগ্ন স্বজনরা বুধবার সকালে ঢাকা থেকে সেখানে রওনা হন। তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক রিয়াজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোফাখখারুল আহমেদের মোবাইল ফোনের কললিস্ট যাচাই করে দেখা হচ্ছে। এখনো উল্লেখযোগ্য কোন তথ্য পাওয়া যায়নি বলে ডা. মোফাখখারুল নিখোঁজ না অপহৃত তা এখনই বলা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/এসকে/২০৩০ঘ.