বাগেরহাট, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া ঈদ বোনাস ও পোশাক ভাতাসহ তিন দফা দাবিতে মংলা বন্দরের শ্রমিকরা বুধবার মানববন্ধন ও পথসভা করেছে।
মংলা বন্দর রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে দুপুরে বাগেরহাট জেলা শহরে ওই মানববন্ধনে মংলা বন্দর শ্রমিক সংঘ ও মংলা বন্দর কর্মচারী ইউনিয়নের সদস্যরা অংশ নেয়। একই দাবিতে বৃহস্পতিবার সকালে বন্দর কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়াসহ বন্দর কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে শ্রমিকরা।
মানববন্ধন শেষে মংলা বন্দর রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মে. শাহ আলম সরদারের সভাপতিত্বে শ্রমিক সংঘের সামনের চত্বরে পথ সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ হোসেন, মোহাম্মদ সেলিম প্রমূখ।
ওই সময় শ্রমিকরা তিন দফা দাবির বিষয় উল্লেখ করে লিফলেট বিলি করে। শ্রমিকদের দাবিগুলো হচ্ছে, বকেয়া ঈদ বোনাস ও পোশাক ভাতা দেওয়া, মংলা বন্দরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং স্থানীয় সিমেন্ট ফ্যাক্টরিগুলোর আনা বিভিন্ন পণ্য মংলা বন্দরের শ্রমিকদের মাধ্যমে খালাস করা।
শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য লুৎফুর রহমান সাংবাদিকদের বলেন, শ্রমিকরা মানববন্ধন করেছে বলে শুনেছি। তাদের আন্দোলনের বিষয়ে বিস্তারিত জানার জন্য মংলা বন্দর ডক শ্রমিক পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান মাহাবুব উল্লাহকে সেখানে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০২ ঘ.
bdnews24