ভোলা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভোলা- ২ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।
ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে বোরহানউদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকিউদ্দিন বৃহস্পতিবার বোরহানউদ্দিন থানায় মামলাটি দায়ের করেন। এনিয়ে হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ১৭টি মামলা দায়ের হলো।
বুধবার উপজেলার মনিরামপুর এলাকায় সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের নামে প্রতিষ্ঠিত কলেজ থেকে ৩১১টি ত্রাণের টিন উদ্ধার করে যৌথবাহিনী।
মো. জাকিউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার করা প্রতিটি টিনে ত্রাণ সামগ্রী সিল অঙ্কিত ছিল। তাই এ ঘটনায় তিনি মামলাটি দায়ের করেন।
মামলায় ওই কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম গজনবীকেও আসামী করা হয়েছে বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫১ ঘ.
bdnews24