সাক্ষ্য দিয়েছেন জয়নাল হাজারীর বোন
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় পলাতক জয়নাল হাজারীর ছোট বোন ও ফেনী জেলা মহিলা লীগের সহ-সভানেত্রী খোদেজা হাজারীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফেনীর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম খোদেজা ও হাজারীর ব্যক্তিগত কর্মচারী এবং প্রতিবেশী মালেক পাটোয়ারির সাক্ষ্যগ্রহণ করেন।
এর আগে ২৮ এপ্রিল হাজারীর ভাতিজা ও পৌর কমিশনার টিটু হাজারীর সাক্ষ্য নেওয়া হয়।
৭২ ঘণ্টার মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় গত ৮ এপ্রিল দুদকের উপ পরিচালক শফিকুর রহমান ভুইয়া বাদী হয়ে ফেনীর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গত ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনে ফেনী-২ আসনে হাজারীর ছোট বোন খোদেজা আওয়ামী লীগ প্রার্থী ছিলেন।
