২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় সাইফুরের নাম কেটে দিয়েছে কোতোয়ালি থানা

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ও যৌথ বাহিনীর হাতে আটক তার পুত্র নাছের রহমানসহ নয় জনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলায় সাইফুর রহমানের নাম কেটে মামলা রেকর্ড করেছে সিলেট কেতোয়ালী থানা পুলিশ। মামলা নং ৬৩।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 03:05 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

সড়ক ও জনপথের তালিকাভুক্ত ঠিকাদার নুরুজ্জামান শুক্রবার সন্ধ্যায় এই মামলা দায়ের করেন।

শনিবাব দুপুরে সাইফুর রহমানের নাম কেটে দিয়ে আট জনের নামে মামলা নথিভুক্ত করে কোতয়ালি থানা। মামলার অন্য আসামীরা হচ্ছেন--সাবেক সাংসদ নাছের রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান ফয়জুল করিম ময়ুন, বিএনপি নেতা ওয়ালী সিদ্দিকী, সওজের তৎকালীন প্রকৌশলী আব্দুল খালেক, প্রকৌশলী মনোয়ার সাদিক, প্রকৌশলী আসমত উদদৌলা এবং প্রকৌশলী শফিকুল ইসলাম।

ঠিকাদার নুরুজ্জামান বলেন, ২০০২-০৩ অর্থ বছরে সওজের ৩২ কোটি টাকার কাজ পাওয়ার পর নাছের রহমান তার পিতার প্রভাবে ও অন্যদের সহযোগিতায় তার কাছে চাঁদা দাবি করেন।

চাঁদা না দেওয়ায় তাকে জেল এবং শারীরিক নির্যাতন সইতে হয়েছে বলে তিনি জানান। আগে উপযুক্ত পরিবেশ না থাকায় মামলা করতে পারেননি। সুবিচারের আশায় এখন মামলা করেছেন বলে জানান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা এস আই নাসিমুল ইসলাম শনিবার বলেন, “সাইফুর রহমানের নাম আসামীর তালিকা থেকে বাদ দেয়া হলেও এজাহারের মধ্যে তার নাম আছে।”

মামলার বাদি নুরুজ্জামান বলেন,“সাইফুর রহমানের নাম বাদ দেওয়ার প্রশ্নই উঠেনা। প্রয়োজনে আমি পুনরায় মামলা করবো।”