২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গৌতম হত্যা মামলার আসামী জামিনে মুক্ত হয়ে ফের গ্রেপ্তার

ফরিদপুরে সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার আসামী অ্যাপোলো বিশ্বাস (৩০) কে রোববার জামিনে ছাড়া পাওয়ার পর ফরিদপুর জেলা কারাগারের গেট থেকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 08:37 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

জানা গেছে, গত ১২ ডিসেম্বর ফরিদপুর জেলা কারাগারে কৌশলে হাজতীদের কাছে মাদক সরবরাহ করার সময় র্যাব-- ৮ এর একটি দল অ্যাপোলো বিশ্বাসকে গ্রেপ্তার করে। এসময় তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক আইনে মামলা করা হয়। রোববার সন্ধ্যা পৌনে ছয়টায় সেই মামলায় জামিন পেয়ে জেলগেট থেকে বের হওয়া মাত্র পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হালিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জরুরি ক্ষমতা বিধি ২০০৭ এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুরে দৈনিক সমকাল পত্রিকার ব্যুরো প্রধান গৌতম দাসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

গত ২০০৬ সালের ২১ জানুয়ারি সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অ্যাপোলো ওই মামলার অন্যতম আসামী।

পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় অ্যাপোলোকে ২০০৫ সালের ২২ নভেম্বর গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।

সাংবাদিক গৌতম দাস হত্যা মামলাটি বর্তমানে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-- ১ আদালতে বিচারাধীন রয়েছে।