ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনে প্রার্থীদের আটটি তথ্য দিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে।
সোমবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ জনৈক আবু ছাফার দায়ের করা আপিলের ওপর শুনানি গ্রহণ করেন।
মঙ্গলবারও আদালত এ আপিলের শুনানি হবে।
একটি জনস্বার্থ রিট আবেদনের রায়ে হাইকোর্ট ২০০৫ সালের ২৪ মে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আটটি তথ্য দিতে নির্দেশনা দেয়। আবদুল মোমেন চৌধুরীসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবী ওই আবেদন করেন।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে জনৈক আবু ছাফা আপিলের আবেদন করলে (লিভ টু আপিল) ২০০৬ সালের ডিসেম্বরে আপিল বিভাগ তা শুনানির জন্য গ্রহণ করে।
আদালত আবু ছাফাকে নিয়মিত আপিল দায়ের করতে বললে তিনি তা দায়ের করেন।
এ আপিল শুনানিতে আবু ছাফার পক্ষে ব্যারিস্টার ওমর সাদাত বলেন, হাইকোর্টের রায়ে নির্বাচনে প্রার্থীদের যে আটটি তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল তার মধ্যে সাতটি দিতে আপিলকারীর কোন আপত্তি নেই। কেবল শিক্ষাগত যোগ্যতা বিষয়ে তথ্য দিতে আপিলকারীর আপত্তি রয়েছে। কারণ আপিলকারী মাত্র অষ্টম শ্রেণী পাস। তার মত কম শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের এ বিষয়টি প্রচার হলে তাদের সম্পর্কে ভোটারদের নেতিবাচক ধারণা তৈরি হবে। আর এর প্রভাব পড়বে নির্বাচনে।
জবাবে তিন আইনজীবীর পক্ষে ড. কামাল হোসেন বলেন, সংসদ নির্বাচনে প্রার্থীদের আটটি তথ্য দিতে হাইকোর্ট নির্দেশনা দিয়েছিল। হাইকোর্টের রায়ের পর ২০০৬ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি উপ নির্বাচনে প্রার্থীরা এ আটটি তথ্য জমা দিয়েছেন।
কিন্তু গত ২২ জানুয়ারি যে সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল তার মনোনয়ন পত্র জমা দেওয়ার ৫ দিন আগে আপিল বিভাগের অবকাশকালীন একটি বেঞ্চ আবু ছাফার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায় স্থগিত করে।
ড. কামাল শুনানিতে আরও বলেন, আমরা তদন্ত করে দেখেছি আবু ছাফা নামে কোন প্রার্থী ওই নির্বাচনে প্রার্থী ছিলেন না। আবু ছাফার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা গত ১০ জানুয়ারি আপিল বিভাগে একটি আবেদন করেছিলাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/এমএইচবি/২২০৪ ঘ.
bdnews24