ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -রাজধানীর মতিঝিল থানা এলাকার শান্তিবাগে সোমবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত মো: সুমন নামে (২২) এক গাড়ি চালক মঙ্গলবার ভোরে মারা গেছে।
মতিঝিল থানার উপ পুলিশ পরিদর্শক শাহীন মামুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শান্তিবাগ স্কুলের সামনে কয়েকজন ছিনতাইকারী সুমনকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তাকে আহত অবস্থায় স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
সুমনের মামা শফিকুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সুমনের গ্রামের বাড়ি পাবনা শহরের বেংগারি এলাকায়। তার বাবার নাম মো:শহিদ। সুমন ঢাকায় ঊত্তর শাহজাহানপুরে একটি ব্যাচেলার মেসে থাকতো।
তিনি জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ এক কর্মকর্তার গাড়ী চালাত সুমন। সোমবার সারাদিন গাড়ি চালিয়ে ওই কর্মকর্তার সেগুনবাগিচার বাসার গ্যারেজে গাড়ী রেখে তার শাহজাহানপুরে বাসায় ফেরার পথে সুমন ছিনতাইকারীদের কবলে পড়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/১৪০০ ঘ.
bdnews24