চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ এলাকার জাতিসংঘ পার্কের কাছে রোববার রাতে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম মফিজ উদ্দিন (২৮)। বাড়ি চান্দগাঁও থানার বহদ্দারহাট কালারপোলে। গণপিটুনিতে তার দুই সহযোগী মো. কামাল (৩০) ও সাহেব আলী (২৮) আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামালের বাড়িও কালারপোলে। সাহেব আলীর বাড়ি নগরীর ফরিদের পাড়ার মহিউদ্দিন কলোনিতে।
পাঁচলাইশ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক রেহানা আক্তার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে ওই তিন জন এক পথচারীর টাকা-পয়সা ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন তাদের ধরে পিটুনি দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গণপিটুনিতে আহত মফিজ ভোররাতে মারা যায় বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জয়নাল।
এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে পুলিশ কর্মকর্তা রেহানা আক্তার জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটম/এমসি/আরএআর/এমআই/১৩৩২ ঘ.
bdnews24