২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক, মওদুদ ও হুদা দম্পতির দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দায়ের করা তিনটি পৃথক দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 07:28 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দায়ের করা তিনটি পৃথক দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে দুর্নীতি দমন কমিশনের নোটিশ এবং এর ভিত্তিতে এ তিনটি মামলা দায়ের ও এগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দেখাতে সরকার ও কমিশনের প্রতি রুলনিশি জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান, সচিব, ও স্বরাষ্ট্র সচিবসহ ৫ জনকে আগামী ৬ সপ্তাহের মধ্যে এই রুলনিশির জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ তারেক রহমান, মওদুদ ও হুদা দম্পতির দায়ের করা পৃথক তিনটি রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। তারেক রহমান, মওদুদ আহমেদ, ব্যারিস্টার নাজমুল হুদা ও সিগমা হুদা জামিন আবেদন জানালেও আদালত সে বিষয়ে কোন আদেশ দেয়নি। রিট তিনটির ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। তাকে শুনানিতে সহায়তা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। সরকার বা দুদকের পক্ষে কেউ শুনানিতে অংশ নেননি। শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "দুদক গত ২৯ মে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিলে তারেক তার সম্পদের হিসাব দাখিল করেন। দুদকের সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তারেক যে হিসাব দিয়েছেন তার ভিত্তিতে বেআইনিভাবে এ মামলা দায়ের করা হয়েছে। কারণ সংবিধান অনুযায়ী কাউকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যায় না। তারেকের তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে এ মামলা করায় এ মামলা অবৈধ।" গত ২৬ সেপ্টেম্বর দুদকের উপ পরিচালক জহিরুল হুদা তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে কাফরুল থানায় দুর্নীতির মামলা দায়ের করেন। ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। গত ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেন দুদকের উপ সহকারী পরিচালক মো. শরিফুল হক সিদ্দিকী। মামলায় অভিযোগ করা হয়, ব্যারিস্টার মওদুদ আহমেদ জ্ঞাত আয় বহির্ভূত ৪ কোটি ৪০ লক্ষ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদ থাকার তথ্য গোপন করেছেন। ২৩ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করে সরকার। গত ১২ এপ্রিল মওদুদ আহমেদকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে গত ১১ জুলাই দুদকের সহকারী পরিচালক তালেবুর রহমান ধানমন্ডি থানায় দুর্নীতির মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দুদকের নোটিশের ভিত্তিতে তারা যে সম্পদের হিসাব দিয়েছেন তা সঠিক নয়। তাদের সম্পদের উৎসের বর্ণনাও সন্তোষজনক নয়। গত ৫ ফেব্র"য়ারি ব্যারিস্টার নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়। সিগমা হুদা জুলাই আত্মসমর্পণ করেন। গত ২৭ সেপ্টেম্বর মামলা তিনটির বৈধতা নিয়ে পৃথক তিনটি রিট করা হয়। তিন রিটেরই শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। আদালত আদেশ দেওয়ার পর ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "তারেক রহমানের রিটের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত হওয়ায় তার স্ত্রী ও শাশুড়ীর কিছুই হবে না। তারা স্বস্তি পাবেন।" রিটের শুনানি প্রসঙ্গে তিনি বলেন, "দুদক কোন মামলা দায়েরের আগে অনুসন্ধান ও তদন্ত করবে। এর ভিত্তিতে নোটিশ দিতে হবে। সম্পত্তির হিসাবে গরমিল পেলে তারপর আবার তদন্ত করতে হবে। এরপর মামলা দায়ের করতে পারে দুদক।" ব্যারিস্টার হক বলেন, "দুদক আইনের বিধান লঙ্ঘন করে এই মামলা তিনটির ক্ষেত্রে কোন অনুসন্ধান বা তদন্ত না করেই মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ন্যায়বিচারের স্বাভাবিক নীতি অনুযায়ী কারো বিরুদ্ধে কোন মামলা বা কার্যক্রম শুরু করার আগে তার বক্তব্য শুনতে হবে। কিন্তু এক্ষেত্রে দুদক তা করেনি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/এমএ/১৯২৬ ঘ.