২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

শৈলকুপা উপজেলায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের মদনডাঙ্গা এলাকায় সোমবার সকালে বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘণ্টাকাল ওই সড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 06:59 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঝিনাইদহ, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শৈলকুপা উপজেলায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের মদনডাঙ্গা এলাকায় সোমবার সকালে বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘণ্টাকাল ওই সড়ক অবরোধ করে রাখে। পুলিশ জানায়, নিহত শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস। সে বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো। দুর্ঘটনায় পপি নামে তার এক সহপাঠিও আহত হয়। পপিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল উদ্দীন তরফদার জানান, বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হবার সময় কুষ্টিয়াগামী গাংচিল পরিবহনের একটি বাস জান্নাত ও পপিকে চাপা দেয়। এতে জান্নাত ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্কুলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক অবরোধ করলে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে ছাত্রদের বুঝিয়ে-শুনিয়ে অবরোধ তুলে দেয় বলে ওসি বেল্লাল উদ্দীন জানান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে বাসটি আটক করা যায়নি। জান্নাতুল ফেরদৌস ওই এলাকার যুগিপাড়া গ্রামের লিয়াকত আলির মেয়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.