যুগান্তরের বিরুদ্ধে আরও একটি মানহানি মামলা
দৈনিক যুগান্তরের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন ইউনিক গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগ নেতা মো. নূর আলী।
বুধবার ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে তিনি যুগান্তরের সত্ত্বাধিকারী নুরুল ইসলাম বাবুল, প্রকাশক সালমা ইসলাম, সম্পাদক গোলাম সারওয়ারের বিরুদ্ধে এ মামলা করলে ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার মামলাটি আমলে না নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
গত বছরের ৬ আগস্ট থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন শিরোনামে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০২ এবং ৩৪ ধারায় তিনি এ মামলাটি দায়ের করেন।
মামলার ৩২ পৃষ্ঠার আরজিতে বলা হয়েছেÑ গত বছরের ৬ আগস্ট ‘মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি আবার বন্ধ হওয়ার আশঙ্কা, বিএনপি- আওয়ামী লীগ সিন্ডিকেট, হাজার হাজার মানুষ প্রতারিত হবে’ এবং সর্বশেষ ২৮ জানুয়ারি ‘নূর আলীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে’ শিরোনামের প্রতিবেদনসহ মোট ১৮টি প্রতিবেদন ছাপা হয়েছে। এসব প্রতিবেদনের সব তথ্যই বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, অশালীন ও অসুস্থ প্রতিযোগিতার মানসে তৈরি করা। এসব প্রতিবেদনের বিরুদ্ধে যুগান্তরে প্রতিবাদ পাঠানো হলেও তা ছাপানো হয়নি।
