২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কথিত পীর ও তার মেয়ে গ্রেপ্তার

সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের পাহাড়িয়া বাড়ি এলাকায় মঙ্গলবার সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কথিত পীর শামসুন নাহার ও তার মেয়ে মরিয়ম আক্তার লাভলীকে গ্রেপ্তার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 05:17 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সাভার সেনাক্যাম্পে নিয়ে আসার সময় এলাকার হাজার হাজার মানুষ তাদেরকে ‘ভণ্ড’ আখ্যায়িত করে বিচার দাবিতে শ্লোগান দেয়।

এলাকাবাসী জানায়, কাউন্দিয়া ইউনিয়নের জহির উদ্দিনের স্ত্রী শামসুন নাহার বেশ কয়েক বছর ধরে বিভিন্ন কৌশলে সাধারণ মানুষদের ভক্ত বানিয়ে অর্থ উপাজন করছেন। মাত্র ১৫ বছর আগেও খ্রিস্টান সম্প্রদায়ের দান করা একটি ছোট টিনের ঘরে থাকলেও এখন তিনি কোটিপতি। এলাকায় তার একটি ৫ তলা ও একটি নির্মাণাধীন ৪ তলা ভবন রয়েছে। এ ছাড়া ঢাকায় আছে দুটি ফ্ল্যাট।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে সাভার ও ধামরাই সেনাক্যাম্প ইনচার্জ মেজর রেজাউল রহমানের নেতৃত্বে ২৫/৩০ জন সেনা সদস্য ও সাভার থানার এসআই রেজাউল হকের নেতৃত্বে ১০/১২ জনের পুলিশ দল কথিত পীরের বাড়ি ঘিরে ফেলে। এ সময় ২য় তলার একটি কক্ষ  থেকে শামসুন নাহার ও তার মেয়ে মরিয়ম আক্তারকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় হাজার হাজার নারী পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

স্থানীয় গৃহবধূ সেতারা বেগম সাংবাদিকদের জানান, “ব্যবসায় বেশি মুনাফা লাভের আশায় ‘পীরকে’ পাঁচ লাখ টাকা দিয়েছিলাম। কিন্তু লাভ তো দূরের কথা আসল টাকাই ফেরৎ পাইনি।”

একই ধরনের অভিযোগ করেন এলাকার নুসরাত জাহান। তিনি বলেন, “বছরখানেক আগে ডেইরি ফার্মের কথা বলে সে ছয় লাখ টাকা নিয়েছে।”

স্থানীয় কুদরত আলী জানান, তাকে তার বাড়ি থেকে উচ্ছেদের জন্য ওই পীর তার বিরুদ্ধে কয়েকটি মিথ্যা মামলা করেছে। এ ছাড়া পুলিশকে টাকা দিয়ে তার ওপর নির্যাতন চালিয়েছে। 

এলাকাবাসীর অভিযোগ, কথিত পীর ‘নির্জন সমবায় সমিতির’ নামে গরিব মানুষজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ সমিতির দায়িত্বে আছে ‘পীরের’ মেয়ে মরিয়ম আক্তার লাভলী।

শামসুন নাহারের স্বামী অসুস্থ জহির উদ্দিন জানান, তাদের বিশাল একটি ডেইরি ফার্মসহ যুবরাজ স্টুডিও, যুবরাজ সেমাই, যুবরাজ মোমবাতির ব্যবসা রয়েছে।

এদিকে গ্রেপ্তার হওয়া “পীর” শামসুন নাহার দাবি করেন, তিনি প্রতারণা করে কারও কাছ থেকে টাকা নেননি। পানিপড়া ও ঝাড়--ফুঁক নিতে এসে খুশি হয়ে কেউ কেউ ৫শ’, ৮শ’ অথবা হাজার টাকা করে দিয়ে থাকে।

অবশ্য পাওনাদারদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন।

সাভার থানার এসআই রেজাউল হক জানান, “শামসুন নাহার একজন ভণ্ড পীর। ঝাড়--ফুঁক ও সমিতির নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাকে ও তার মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।”