র্যাবের অভিযানে সাড়ে পাঁচ কোটি টাকার টেলি সরঞ্জাম আটক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা সোমবার রাতে রাজধানীতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) যন্ত্রপাতি আটক করেছে।
বিদেশে টেলিফোন করতে অবৈধ নেটওয়ার্ক স্থাপন করার অভিযোগে এসময় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, র্যাব--১০ এর একটি দল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর শান্তিনগর এলাকার ২৬/সি চামেলীবাগের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ২৫ টি কুইনটাম, ৬৪ টি মাল্টিসিম টেলুলার, ১৬ টি মডেম এবং ৩০০ টি সার্কিট উদ্ধার করা হয়। র্যাব সদস্যরা এসময় চার জনকে গ্রেপ্তার করে। এরা হলো সোহরাব, নয়ন, বিপুল ও মামুন।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব--১০ এর মেজর মোহাম্মদ এরশাদুল হক জানান, উদ্ধার করা সরঞ্জামের আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। আটককৃতদের পল্টন থানায় সোপর্দ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
অন্যদিকে র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা একই রাতে নগরীর উত্তর মুগদা পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার টেলি সরঞ্জাম আটক করেছে।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সিনিয়র সহকারি পরিচালক খন্দকার আল মঈন নফহবংি২৪.পড়স কে জানান, গোপন খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে র্যাব সদস্যরা উত্তর মুগদাপাড়ার সিটিকম ব্রডব্যান্ড নামে একটি দোকানে অভিযান চালায়।
সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৮ টি টেলুলার এবং তিনটি মডেমসহ মোঃ রিয়াজ (২৭) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা সরঞ্জামের আনুমানিক দাম ৫০ লাখ টাকা। সিটিকম ব্রডব্যান্ডের মালিক জনৈক দুলাল পালিয়ে গেছেন।
এ ঘটনায় সবুজবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
