বিশ্ব ইজতেমার বয়ান শুরু হচ্ছে মঙ্গলবার থেকে
মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত টঙ্গীর বিস্তুৃত তুরাগ তীর। মঙ্গলবার থেকে সেখানে শুরু হবে আনুষ্ঠানিক বয়ান।
ইজতেমা উপলক্ষে পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নির্মিত বিশাল সামিয়ানার নিচে এরই মধ্যে মুসুল্লিরা জড়ো হতে শুরু করেছেন। মঙ্গলবার অনুষ্ঠানিক বয়ানের দিন থেকেই সেখানে শুরু হবে লোক জমায়েত।
সোমবার বিকেল থেকে ইজতেমা মাঠের মূল বয়ান মঞ্চে টঙ্গী ও আশপাশ এলাকার বিভিন্ন মাদ্রাসার ছাত্র--শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ বয়ানের আয়োজন করা হয়। ঈমান ও আকিদার কথা বলে তাবলিগের পথে নতুন সাথী তৈরিই এই বয়ানের উদ্দেশ্য বলে জানিয়েছেন তাবলিগ অনুসারীরা। আসরের পর মাওলানা মুসলেম উদ্দিন এবং মাগরিবের পর পাকিস্তানের মাওলানা তারিক জামিল এ বয়ান করেন।
এর আগে আসরের নামাজের পর ইজতেমা মাঠে সাবেক মন্ত্রী মেজবাহউদ্দিন আহম্মদ বাবলুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুম মেজবাহউদ্দিনকে বিদেশী মেহমানদের তাবু সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
ইজতেমার মুরুব্বি আ. কুদ্দুস জানান, তারা আশা করছেন এবারের বিশ্ব ইজতেমায় ১০০টি দেশের ১০ হাজার তাবলিগ অনুসারী মেহমান অংশ নেবেন।
তিনি আরও বলেন, সোমবার পর্যন্ত আনুমানিক সাড়ে তিন হাজার বিদেশী মেহমান এসে পৌঁছেছেন। তাঁরা টঙ্গী ও আশপাশের শহরে বিভিন্ন মসজিদে দাওয়াতের কাজ করছেন। মঙ্গলবার থেকে তাঁরা ইজতেমা মাঠে আসতে শুরু করবেন।
ইজতেমার প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও এখন চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। মুসুল্লিদের পানি, গ্যাস, বিদ্যুৎ সেবা ঠিকমতো আছে কি--না তা খতিয়ে দেখা হচ্ছে শেষবারের মতো।
সোমবার বিকেলে ইজতেমা মাঠে গিয়ে দেখা গেছে ৫টি গভীর নলকূপের একটির মেরামত কাজ পর্যবেক্ষণ করছেন টঙ্গী পৌর চেয়ারম্যান এ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
তিনি জানান, ইজতেমা চলাকালে প্রতিদিন ১৯ লাখ ৮০ হাজার গ্যালন পানি সরবরাহ করা হবে। এবারই প্রথম জনস্বাস্থ্য প্রকৌশল মাঠের বাইরে ২০টি পয়েন্টে ভ্যান গাড়ি দিযে মুসুল্লিদের ওজু ও খাওয়ার পানি সরবরাহ করবে।
