২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, ৫০ লাখ টাকার ক্ষতি

রাজধানীর পল্লবীতে সোমবার দুপুরে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগে কমপক্ষে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 08:51 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

তবে এতে কেউ আহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর সাত নম্বর সেকশনের সাত নং সড়কে ডেকো নীটওয়্যার নামে পোশাক কারখানার অষ্টম তলাবিশিষ্ট ভবনের সাত তলার স্টোর রুমে দুপুর সোয়া একটার দিকে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ভবনটির বিভিন্ন তলায় কর্মরত কয়েকশ’ শ্রমিকের মধ্যে তীব্র আতংক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকল বাহিনীর মিরপুর ও মোহাম্মদপুর ইউনিটের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনী সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা সৈয়দ হোসেন খান জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা।

পল্লবী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই লাল মামুদ জানান, দুর্ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।