চট্টগ্রামে পিতা হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
বন্দরনগরী চট্টগ্রামে পিতা হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার আদালতের বিচারক মো. গোলাম কুদ্দুস সোমবার ২৮ পৃষ্ঠার রায় ঘোষণা শেষে এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামীর নাম জালাল উদ্দিন। তার বাড়ি রাঙ্গামাটি জেলার নানিয়ারচরের ইসলামপুর গ্রামে। তিনি বর্তমানে চট্টগ্রাম কারাগারে আটক রয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে জালাল উদ্দিন ১৯৯২ সলের ৮ সেপ্টেম্বর ভোর চারটার দিকে তার বাবা মকবুল হোসেনকে কুপিয়ে হত্যা করে। পরে তার সৎ ভাই আফজাল হোসেন বাদি হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এ্যাডভোকেট মধুসূদন দাশ এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট মো. রহমতউল্ল্যাহ।
আসামী পক্ষের আইনজীবী উচ্চতর আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
