চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার এক আসামীর আত্মসমর্পণ
চট্টগ্রামে চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র আটক মামলার এক আসামী সোমবার আদালতে আত্মসমর্পণ করেছে। চাঞ্চল্যকর এ অস্ত্র মামলার চার্জশিটভুক্ত ও দীর্ঘদিনের পলাতক আসামী দ্বীন মোহাম্মদ সোমবার মহানগর দায়রা জজ এ কে এম আনোয়ার হোসেনের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশে দেয়।
দ্বীন মোহাম্মদকে নিয়ে এ মামলার তিনজন আসামী বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এ ছাড়া মোট ৪৩ জন আসামীর ৩২ জন জামিন আছেন এবং ৮ জন পলাতক।
এদিকে এ মামলার প্রধান আসামী হাফিজ উদ্দিনকে আদালতে হাজির না করানোর কারণে চট্টগ্রাম জেল সুপারকে আদালত কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তার নফহবংি২৪.পড়স কে জানান, আগামী ৩১ জানুয়ারির মধ্যে জেল সুপারকে সশরীরে আদালতে হাজির হয়ে এর কারণ ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ছিল মহানগর দায়রা জজ আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন। কিন্তু মামলার প্রধান আসামী হাফিজ উদ্দিনকে কারাগার থেকে আদালতে হাজির না করানোর কারণে আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেনি।
আদালত আগামী ১৯ মার্চ সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ঘোষণা করে সেদিন আসামীদেরকে আদালতে হাজির করার নির্দেশ দেন।
এ পর্যন্ত এ মামলার ১১৪ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং আদালত ৪ জন সাক্ষীকে বৈরি ঘোষণা করেছেন।
প্রসঙ্গত পুলিশ ২০০৪ সালের ২ এপ্রিল রাতে কর্ণফুলী নদীর তীরে সিইউএফএল ঘাটে অস্ত্র খালাস করার সময় ১০ ট্রাক ভর্তি বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে এএসপি কবির উদ্দিন প্রথমে চার্জশিট এবং গত বছরের আগস্টে মীর নওশের আলী সম্পূরক চার্জশিট দাখিল করেন।
