২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপিটুনিতে ৩ ছিনতাইকারীর মৃত্যু

ছিনতাই করে পালানোর সময় বন্দরনগরীর কাপ্তাই রাস্তার মাথায় রোববার দুপুরে গণপিটুনিতে তিনজন ঘটনাস্থলে মারা গেছে। তবে ছিনতাইকারীদের কয়েকজন সহযোগী টাকাসহ পালিয়ে যেতে সক্ষম হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 05:59 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি এলজি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করে। মৃত ছিনতাইকারীদের পরিচয় জানা যায়নি।    

চান্দগাঁও থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি ট্যাক্সিতে করে কয়েকজন ছিনতাইকারী হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড় এলাকায় গ্রামীণ ব্যাংকের ফতেহাবাদ শাখার ঊর্ধ্বতন কেন্দ্র ব্যবস্থাপক শামীমা আখতারের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা ছিনতাইকারীদের ট্যাক্সির পিছনে কয়েকটি মোটর সাইকেল নিয়ে ধাওয়া করে।

দুটি ট্যাক্সিতে করে কয়েকজন ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হলেও কয়েক কিলোমিটার ধাওয়া করে মোটর সাইকেল আরোহীরা নগরীর চট্টগ্রাম--কাপ্তাই সড়কের সংযোগ স্থলে অপর একটি ট্যাক্সিকে ধরে ফেলতে সক্ষম হয়।

চান্দগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আতিয়ার রহমান জানান, মোটর সাইকেলের পাশাপাশি জনতার ধাওয়ার এক পর্যায়ে চার ছিনতাইকারীকে বহনকারী সিএনজি ট্যাক্সিটি কাপ্তাই রাস্তার মাথায় এসে উল্টে যায়। এসময় স্থানীয় জনতা তিন ছিনতাইকারীকে ধরে ফেলে।

তিনি বলেন, ব্যস্ততম এ সড়কে সঙ্গে সঙ্গে প্রায় দুই হাজার লোকের ভিড় জমে যায়। জনতার গণপিটুনিতে তিন ছিনতাইকারী ঘটনাস্থলে মারা যায়। তবে ট্যাক্সি চালক ও অন্য একজন ছিনতাইকারী পালিয়ে বাঁচতে সক্ষম হয়।

এ ব্যাপারে থানায় দুটি মামলা হয়েছে।