সরকার সম্মানের সঙ্গে বললে স্বেচ্ছায় চলে যাবো : সুলতান হোসেন খান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান আবারও বলেছেন, কমিশন পুনর্গঠনের প্রয়োজনে সরকার সম্মানের সঙ্গে বললে তিনি এবং অন্য দুই কমিশনার স্বেচ্ছায় চলে যাবেন। এর জন্য সুপ্রিম জুডিসিয়ারি কাউন্সিল গঠনের দরকার নেই।
রোববার দুপুরে কমিশনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
দুদক চেয়ারম্যান আরও বলেন,“সাত দিনের মধ্যে কমিশনের জন্য বিধিবিধান প্রণয়নের কথা। সেটা হওয়ার পর আমরা বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত শুরু করবো।”
কালো টাকার মালিকদেরকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে নতুন আইন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,“ঋণ খেলাপিদেরকে নির্বাচন করতে দেওয়া হয় না। কিন্তু যারা কালো টাকা সাদা করেছে, তারা প্রমাণ করেছেন অবৈধভাবে ওই অর্থ আয় করেছে। এদেরকেও ঋণ খেলাপিদের মতো নির্বাচনে অযোগ্য ঘোষণা করা উচিত।”
“কমিশনকে ক্লাউন মুক্ত করতে হবে” যোগাযোগ উপদেষ্টা মেজর জে. (অব.) এম এ মতিনের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন,“এটা যার যার অভিরুচি। এই সম্পর্কে আমি কিছু বলতে চাই না।”
কাজের গতিশীলতা বাড়াতে এই সপ্তাহের মধ্যেই তিনি সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে বসবেন বলে সাংবাদিকদের জানান।
গত কয়েকদিন ধরেই দুদকের চেয়ারম্যানসহ অন্য কমিশনারদের পদত্যাগের বিষয়টি নিয়ে গুঞ্জন চললেও তারা সবাই রোববার অফিস করেছেন। ফাইল দেখাসহ দৈনন্দিন অন্যান্য কাজও করেছেন।
দুপুর ১২ টার দিকে দুদক চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আসেন মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ডেভিড ডব্লিও রেঞ্জ। তিনি দুদকের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত খোঁজ--খবর নেন বলে কমিশন সূত্রে জানা গেছে।
