২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আসামী নির্যাতনের অভিযোগে ওসিসহ ৫ পুলিশ সাময়িক বরখাস্ত

সদর থানায় পুলিশ হেফাজতে আসামী নির্যাতনের অভিযোগে ওসিসহ পাঁচজন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 11:30 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

এরা হলেন ওসি শামসুল হক পিপিএম, এস আই আব্দুল করিম, এস আই মোঃ শরিফুল আলম, এস আই মঞ্জুয়ার রহমান ও কনস্টেবল মোঃ নুরুল ইসলাম।

রাজশাহী রেঞ্জের ডিআইজি খান সাঈদ হাসান শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন এই নির্দেশ দেন। সেই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন এডিশনাল এস পি ইকবাল হোসেন, এ এসপি (বি সার্কেল) আশরাফুজ্জামান ও ওসি ডিবি শাহীদুল ইসলাম।

জানা গেছে, গত ২৪ জানুয়ারি শহরের ডাল পট্টি এলাকায় অনন্তি দেবীর বাসায় সকাল আনুমানিক ৯টায় চুরি হয়। এ ঘটনায় গত ২৫ জানুয়ারি রাতে তাল পট্টি এলাকা থেকে রতন নামে এক যুবককে এস আই আব্দুল করিম আটক করে।

২৬ জানুয়ারি দুপুরে পুলিশ রতনকে জিজ্ঞাসাবাদ শুরু করলে ঘটনা সম্পর্কে সে কিছুই জানে না বলে জানায়। এক পর্যায়ে এস আই আব্দুল করিম হাত বেঁধে তাকে ঝুলিয়ে রাখে। ঝুলন্ত অবস্থায় রতনের ছবি একটি জাতীয় দৈনিকে ছাপা হলে বিষয়টি নিয়ে হৈ চৈ পড়ে যায়।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “আলোচিত ছবিতে দৃশ্যমান এস আই মোঃ আব্দুল করিম, এস আই মোঃ শরিফুল আলম, এস আই মোঃ মঞ্জুয়ার রহমান ও কনস্টেবল মোঃ নুরুল ইসলাম পুলিশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করায় সাময়িকভাবে বরখাস্ত করে বগুড়া পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এছাড়া বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামছুল হক পিপিএমকে কর্তব্য পালনে চরম অবহেলা, অদক্ষতা ও অসদাচরণের জন্য রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে ক্লোজ করা হয়েছে।”