আন্তঃনদী বানিজ্যে বাংলাদেশী নৌযানের প্রাধান্য
বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃনদী বাণিজ্যে ব্যবহৃত নৌযানের সংখ্যার দিক থেকে একচেটিয়া প্রাধান্য বিস্তার করেছে বাংলাদেশ।
সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিসংখ্যানে দেখা গেছে, ২০০৫-২০০৬ অর্থ বছরে দুই দেশের প্রটোকল রুটে পণ্য পরিবহনে ব্যবহৃত প্রতি একশ নৌযানের মধ্যে ভারতের ছিল মাত্র তিনটি।
বিআইডব্লিউটিএ-এর নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চপদস্থ এক কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে জানান, “বেসরকারি খাতের অংশগ্রহণের কারণেই আনুপাতিক হারে পরিস্থিতি বাংলাদেশের ব্যাপক অনুকূলে রয়েছে।”
১৯৭২ সালে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে বাংলাদেশ--ভারত আন্তঃনদী বাণিজ্য ও পণ্য পরিবহন চলছে।
এই চুক্তির আওতায় বাাণিজ্য পরিচালনার জন্য কিছু নদীবন্দরকেও নির্দিষ্ট করা হয়েছে।
২০০৫--২০০৬ অর্থবছরের পরিসংখ্যান অনুযায়ী পণ্য পরিবহনে বাংলাদেশের ৭৪৬টি এবং ভারতের ২৯টি নৌযান ব্যবহৃত হয়।
তবে বিআইডব্লিউটিএ কর্মকর্তা জানান, ২০০১ সালের আগে এই চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত।
২০০১-০২ অর্থবছরে পণ্য পরিবহনে ব্যবহৃত ২১৪টি নৌযানের মধ্যে ১২৯টিই ছিল ভারতের।
তারপর থেকে বাংলাদেশী নৌযানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। ২০০২-০৩, ২০০৩-০৪ ও ২০০৪-০৫ অর্থবছরে বাংলাদেশী নৌযানের সংখ্যা ছিল যথাক্রমে ২২৯, ১৮৬ ও ৫৭১টি।
গত অর্থবছরে অভ্যন্তরীণ নৌপথে আমদানি--রপ্তানি করা মোট ৫ লাখ ৫৫ হাজার ৫৯২ টন পণ্যের মধ্যে ৭৪৬টি বাংলাদেশী নৌযান পরিবহন করেছে ৫ লাখ ৩৮ হাজার ২০ টন পণ্য।
বিআইডব্লিউটিএ-এর আরেক কর্মকর্তা জানান, “বেসরকারি সংস্থার অংশগ্রহণের ফলে ১৯৯৮ সাল থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশের প্রাধান্য বেড়েছে। অন্যদিকে অতিরিক্ত ব্যয়ের কারণে ভারতীয় বেসরকারি খাত এ ব্যাপারে উৎসাহ দেখায়নি।”
প্রসঙ্গত বাংলাদেশের তুলনায় ভারতে ডিজেলের দাম অনেক বেশি।
বিআইডব্লিউটিএ সূত্রমতে, ভারতীয় নৌযানে যেখানে ১০ জনের প্রয়োজন সেখানে বাংলাদেশের অনেক নৌযানে মাত্র দু’জন দিয়ে কাজ চলে। এজন্য মজুরির দিক থেকেও ভারতীয়দের ব্যয় বেশি হয়।
