রাজশাহীতে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২৭
মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় শুক্রবার রাতে র্যাব--৫ এর সদস্যরা অভিযান চালিয়ে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে।
এদের মধ্যে রেলওয়ের ১৩ কর্মকর্তা--কর্মচারী রয়েছে। এ সময় র্যাব সদস্যরা তাদের জুয়ার বোর্ড থেকে নগদ ৮ হাজার টাকাও উদ্ধার করে।
র্যাব সূত্রে জানা গেছে, রাত ১০ টার দিকে রেলওয়ে ক্লাবে অভিযান চালিয়ে মোহম্মদ আলী, মনিরুজ্জামান, আবুল হোসেনসহ ১৩ জন রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী এবং জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আব্দুস সালাম, খোরশেদ আলম ও শফিকুল আসলামকে আটক করে র্যাব সদস্যরা। তাদের জুয়া বোর্ড থেকে নগদ টাকাও উদ্ধার করে তারা।
বোয়ালিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মঞ্জুর রহমান জানান, শনিবার দুপুরে এ সব জুয়াড়ির বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
একই রাতে অপর একটি অভিযানে বোয়ালিয়া থানা গেটের সামনে দিশারী ক্লাব থেকে জুয়া খেলার সময় তিন ছাত্রলীগ কর্মী মীর ইসতিয়াক, এস ইমতিয়াজ, আয়ূব আলী ও একজন ছাত্রদল কর্মীকে আটক করে থানা পুলিশকে খবর দেয় র্যাব। এ সময় থানা গেটের সামনে জুয়ার আসর বসার কারণে র্যাব সদস্যরা কর্তব্যরত থানার সেকেন্ড অফিসার মঞ্জুর রহমান এবং এসআই জাহিদুর রহমানকে প্রকাশ্যে ভর্ৎসনা করেন।
এর আগে র্যাব সদস্যরা থানা গেটের মাত্র ২০ গজ দুরে আরও একটি জুয়ার আসর থেকে অপর ৭ জনকে আটক করে। অভিযান শুরুর সময় কয়েকজন জুয়ার আসর থেকে পালিয়ে যায়। আটকের পর ভবিষতে জুয়া না খেলার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের।
