২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় ওয়াহিদুল হক

তখন সন্ধ্যা নামছে। ঘড়িতে ৫টা ১৫। বারডেমের আইসিইউ (ইনসেনটিভ কেয়ার ইউনিট) থেকে বেরিয়ে ছেলে পার্থ তানভীর নভেদ জানালেন, বাবা নেই। দিগন্তে মিলিয়ে গেছে সূর্য, পার্থের বাবা ওয়াহিদুল হকও একটু আগেই পেরিয়ে গেছেন জীবন--মৃত্যুর ভেদরেখা। এতক্ষণ পিনপতন নিরবতা ছিল সেখানে। পার্থের মুখে পড়ন্ত বয়সেও জ্বলজ্বল করে জ্বলতে থাকা এক সূর্যের নিভে যাওয়ার খবরে যেন ডুকরে কেঁদে উঠলো আশপাশ। উপস্থিত সবার চোখেই তখন জল। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে সবে। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে খবর। বাংলাদেশের সংস্কৃতি জগতের অন্যতম পুরোধা ওয়াহিদুল হকের চিরবিদায়ে শোকের ছায়া বারডেম থেকে দ্রুত বি¯তৃত হলো দেশজুড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 01:56 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

গত ৫ জানুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বারডেমে ভর্তি হয়েছিলেন ওয়াহিদুল হক। ডা. ওমর ফারুকের তত্ত্বাবধানে ডা. রাশিদ হাসান চৌধুরীর অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি। ১৪ তারিখে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। গত কিছুদিন ধরেই তার কিডনি কাজ করছিল না। 

চিকিৎসক ডা. রাশিদ নফহবংি২৪.পড়স জানালেন, গত কিছুদিন ধরেই তিনি কোমায় ছিলেন যা আজ(শনিবার) মারাত্মক আকার ধারণ করে। তাকে কৃত্রিমভাবে দ্রুত শ্বাস--প্রশ্বাস দেয়া হচ্ছিল। ডাক্তারি পরিভাষায় যাকে ‘মাল্টি অরগান ফেইলিউর’ বলা হয় সে পর্যায়েই চলে গিয়েছিলেন তিনি। এ অবস্থায় মেডিকেশন লাইফ সাপোর্ট দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে তিনি সবকিছুর ঊর্ধ্বে চলে গেলেন।

তিনি ২ ছেলে ২ মেয়ে রেখে গেছেন (মেয়ে-- অপালা ফরহত নভেদ, রুচিরা তাবাসসুম নভেদ, ছেলে-- পার্থ তানভীর নভেদ ও এষন ওয়াহিদ)।

ওয়াহিদুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, , বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

১৯৩৩ সালের ১৬ মার্চ ঢাকার কেরাণীগঞ্জের ভাওয়াল মনোহরীয়া গ্রামে ওয়াহিদুল হক জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মাজহারুল হক, মা মেওয়া বেগম। তারা ছিলেন ৩ ভাই ২ বোন। ভাইয়েরা হলেন রেজাউল হক ও শহীদ জিয়াউল হক (১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ)। বোন নীলুফার জীনাতুল হক ও নারগীস চৌধুরী।

বাংলাদেশে রবীন্দ্র সঙ্গীত চর্চার বিকাশে তার অবদান অনন্য। বাংলাদেশে রবীন্দ্র সঙ্গীতশিক্ষার এই প্রাণপুরুষ সারাজীবন সাংবাদিকতা থেকে আবৃত্তিচর্চা অবধি বহুবিচিত্র কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

যৌবনে ব্রতচারী আন্দোলনে জড়িত ওয়াহিদুল হক বাংলাদেশ ব্রতচারী সমিতিরও সহসভাপতি ছিলেন। তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৬১ সালের বহুল আলোচিত রবীন্দ্র জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন তিনি। সে সময় তিনি আরো কয়েকজনের সঙ্গে ওই একই বছর প্রতিষ্ঠা করেন এদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’। রমনা বটমূলে অয়োজিত বর্ষবরণ উৎসবের প্রথম প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তাও তিনি। ১৯৮০ সালে জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদও প্রতিষ্ঠিত হয় তাঁর হাতে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ সংগঠনের সভাপতি ছিলেন।

শুধু এসবই নয়, এদেশের আরো অনেক সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছেন ওয়াহিদুল হক। ৪০ বছর আগে এদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সূত্রপাত করেন তিনি। আবৃত্তি সংগঠন ‘কণ্ঠশীলন’, সংগীতের সংগঠন ‘আনন্দধ্বনি’, সাধারণ শিক্ষার বিদ্যালয় ‘নালন্দা’, শিশু আবৃত্তি সংগঠন শীশুতীর্থ’র প্রতিষ্ঠাতাও তিনি। বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন (পরে আবৃত্তি সমন্বয় পরিষদ) এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।

একাত্তরে স্বাধীন বাংলা শিল্পী সংস্থার অন্যতম প্রধান এই উদ্যোক্তা অর্ধশতকেরও বেশি সময় ধরে জড়িত ছিলেন সাংবাদিকতা পেশায়। ষাটের দশকে অবজারভারের শিফট ইন-চার্জ, পরে মর্নিং নিউজের শিফট ইন-চার্জ, ডেইলি স্টারের যুগ্ম সম্পাদক, দি পিপল এর সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন তিনি। কাজ করেছেন নিউ নেশন পত্রিকাতেও।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের খণ্ডকালীন শিক্ষকও হিসেবেও কাজ করেছেন কিছুদিন।

লেখক হিসেবেও তিনি ছিলেন সমাদৃত। দৈনিক জনকণ্ঠ, দৈনিক ভোরের কাগজে নিয়মিত কলাম লিখেছেন। জনকন্ঠে ‘অভয় মাঝে হৃদয় বাজে’ কলামটি পাঠকপ্রিয়তা পায়।

এছাড়া তিনি কিছু গ্রন্থ রচনা করেন। এর মধ্যে রয়েছে ‘গানের ভিতর দিয়ে’, ‘চেতনাধারায় এসো’ ও ‘সংস্কৃতি জাগরণের প্রথম সূর্য’।

গণমাধ্যম ইনস্টিটিউটের তত্ত্বাবধানে রচিত ‘বাংলা উচ্চারণ অভিধান’ এর  সম্পাদকমণ্ডলীর একজন  ছিলেন তিনি।

শনিবার রাতে তাঁর মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রোববার বেলা সাড়ে ৯টায় ছায়ানটের সংস্কৃতিভবনে পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং  প্রেসক্লাবে রাখা হবে।

পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক তাঁকে দাফন করা হবে। দাফনের স্থান এখনো ঠিক করা হয়নি।

আওয়ামী লীগ, বিএনপি ও সিপিবির শোক

ওয়াহিদুল হকের মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া, দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, সিপবি সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে শেখ হাসিনা বলেন, “তাঁর (ওয়াহিদুল হক) প্রয়াণে দেশ হারিয়েছে একজন সাহসী সন্তানকে, ব্যক্তিগতভাবে আমি হারিয়েছি একজন অকৃত্রিম শুভাকাক্সক্ষীকে।”

তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার শোকবাণীতে বলেন, “ওয়াহিদুল হকের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি নিজে যে শুধু শিল্পী ছিলেন তা নয়, নিজের হাতে গড়েছেন অনেক গুণী শিল্পীকে।”

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে বলেন, “এ দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন, সাম্পদায়িকতা বিরোধী আন্দোলনে তাঁর র্ভমিকার কথা জাতি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করবে।”     

বিশিষ্টজনদের প্রতিক্রিয়া

ওয়াহিদুল হকের মৃত্যুর সময় বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অনেকেই বারডেমে উপস্থিত ছিলেন। সবাই ছিলেন শোকাচ্ছন্ন। প্রায় সবারই কণ্ঠ ছিল বাষ্পরুদ্ধ।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও তাঁর ছাত্রী মিতা হক বলেন, “তিনি ছিলেন বাঙালির বাঙালি। আমাদের বাঙালি করেছেন তিনি। বয়স হলেও সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। চিন্তা করতেন দেশকে নিয়ে। আমার সবকিছুই তার কাছ থেকেই পাওয়া। তাঁর মধ্যে দেশাত্মবোধ ছিল প্রবল। যারা দেশ ও মানুষকে নিয়ে ভাবেন তাদের মানুষ করেছেন তিনি। উনি আছেন, উনি থাকবেন সারাজীবন আমাদের হৃদয়ের গহীনে।”

গবেষক ড. গোলাম মুরশিদ বলেন, “বাঙালি সংস্কৃতিকে মনে প্রাণে লালন করতেন তিনি। এদেশের সংস্কৃতি চর্চা সমৃদ্ধ করার ক্ষেত্রে তাঁর অবদান অনেক। সংস্কৃতির এই সংকটকালে তাকে বড্ড প্রয়োজন ছিল। দেশ তার অসাধারণ এক সংস্কৃতি কর্মীকে হারাল।”

নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন,  “ওয়াহিদ ভাইয়ের চলে যাওয়া আমাদের সংস্কৃতি জগতের জন্য অপুরণীয় ক্ষতি। এর ফলে চিন্তার মৌলিকত্বের যে অভাব ঘটলো তা সহজে পুরণ হওয়ার নয়। চল্লিশ বছর ধরে তিনি ছিলেন আমাদের শিক্ষাগুরু। তিনি বুকে ধরে রেখেছিলেন এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য। এটা নিয়েই সামনে এগিয়ে যাবো আমরা। মুক্তিযুদ্ধের সময় তিনি আমাদের যে সাহায্য করেছেন তার কোন তুলনা নেই। সে সময়ে আমি তার কাছে আশ্রয় পেয়েছিলাম। তাঁর কাছে কৃতজ্ঞতার শেষ নেই আমাদের।”

আলী যাকের বলেন, “আমি যদি বাঙালি হই, তাহলে সে পথ দেখিয়েছেন তিনি। আমার বাঙালিত্বের ৫০ ভাগ তার কাছ থেকে পাওয়া।”

গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর বলেন, “আমাদের সাংস্কৃতিক জগতে তিনি ছিলেন বটবৃক্ষের মতো। মননশীল ও সৃজনশীল সংস্কৃতি বিকাশে তাঁর ভূমিকা অপরিসীম।”