পাবনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত
শনিবার সকালে নলকূপের ইঞ্জিন চালিত অবৈধ গাড়ির ধাক্কায় পাবনায় এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শবনম মুস্তারী (২০) নিহত হয়েছে।
শবনমের আকস্মিক মৃত্যুর ফলে শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ ছাত্ররা কয়েকটি গাড়ি ভাংচুর করে, কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে ও কলেজের বিভিন্ন বিভাগ বন্ধ করে দেয়।
পুলিশ জানায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শবনম মুস্তারী সকাল সাড়ে ১০ টার দিকে রিকশা করে কলেজে যাচ্ছিল। ডিগ্রি কলেজ চত্বরে বটতলা মোড়ের কাছে পৌঁছুলে অবৈধ যন্ত্রচালিত ইট বোঝাই গাড়িটি তাকে ধাক্কা দেয়। সহপাঠীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শবনম পাবনার আতাইকুলা থানার সড়াডাঙ্গি গ্রামের আব্দুল গফুর মাষ্টারের মেয়ে।
