ওরিয়েন্টাল ব্যাংকের কর্মকর্তাদের বৃহস্পতিবার পর্যন্ত গ্রেপ্তার না করতে হাইকোর্টের নির্দেশ
অর্থ কেলেংকারিতে জর্জরিত ওরিয়েন্টাল ব্যাংকের বর্তমান ও সাবেক চার কর্মকর্তাকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত গ্রেপ্তার না করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম কেন অবৈধ ও অকার্যকর ঘোষণা করা হবে না এ মর্মে কারণ দর্শানোর জন্য সররকারের প্রতি রুলনিশি জারি করা হয়েছে।
আদালত আগামী বৃহস্পতিবার ওরিয়েন্টাল ব্যাংকের চার কর্মকর্তার দায়ের করা রিটগুলোর ওপর চূড়ান্ত শুনানির দিন ধার্য করে। ওইদিন তাদেরকে আদালতে হাজির থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে।
কর্মকর্তা চারজন হলেন, ব্যাংকের সিনিয়র সহকারি ভাইস প্রেসিডেন্ট তারিকুল ইসলাম খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউদ্দিন, নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান ও সাবেক কর্মকর্তা ও বর্তমানে ওয়ান ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবু জাফর।
রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও সিনিয়র অ্যাডভোকেট মো. ওজায়ের ফারুক।
সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল ফিদা এম কামাল ও ডেপুটি এটর্নি জেনারেল আদিলুর রহমান খান।
দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও এ এফ হাসান আরিফ।
রিট আবেদনে বলা হয়েছে, গত ২২ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় তারিকুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে। ১৮ জানুয়ারি শফিউদ্দিনের বিরুদ্ধে কমিশন কোতয়ালি থানায় এবং আরিফুর রহমান ও আবু জাফরের বিরুদ্ধে গত ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় দুর্নীতির মামলা দায়ের করা হয়।
রিট আবেদনে আরও বলা হয়েছে, কমিশনের অনুমোদন ছাড়া এসব মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া কমিশনের বিধিমালা প্রণয়ন না হওয়ায় এসব মামলা দায়ের করা যায় না। পাশাপাশি প্রতারণার অভিযোগে কমিশন কারও বিরুদ্ধে মামলাও দায়ের করতে পারে না।
