২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনে খোলা ছিল কয়েকটি মন্ত্রণালয়

শনিবার সরকারি ছুটির দিনেও সচিবালয়ে সংস্থাপন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ শাখা খোলা ছিল। বিশেষ নির্দেশ জারি করে অফিস খোলা রাখা হলেও উপস্থিতির হার ছিল বেশ কম। সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসন, নিয়োগ, পদায়ন ও প্রেষণ (এপিডি) এবং কর্মকর্তাদের তথ্য সংরক্ষণ শাখা খোলা ছিল। একই ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক শাখার তিন যুগ্ম সচিবের দপ্তর খোলা রাখা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 06:26 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সকালে সংস্থাপন সচিব ড. আব্দুস সালাম খান ও স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম সচিবালয়ে নিজ কার্যালয়ে বসেন। এ সময় তারা বেশ কিছু ফাইল দেখেন। তবে এ নিয়ে তারা কোন সাংবাদিকের সঙ্গে কথা বলেননি।

সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ড. আব্দুস সালাম খানের একান্ত সচিব খন্দকার হাসনাত তারিক সাংবাদিকদের জানান, বিশেষ নির্দেশে অফিস খোলা রাখা হয়েছে। সচিব কিছু ফাইলপত্র দেখেছেন।

সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের দুটি শাখা থেকে কয়েকজন সচিব ও সচিব পর্যায়ের কর্মকর্তা এবং যুগ্ম-সচিবের পদায়নের ফাইল তৈরি করা হয়েছে। এ বিষয়ে সারসংক্ষেপ তৈরি করে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। ওই দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেলে রোববার এ ব্যাপারে সরকারি আদেশ জারি করা হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন--শৃঙ্খলা সংক্রান্ত এক জরুরি বৈঠক করেন। এতে পুলিশের মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী, র্যাবের মহাপরিচালক এসএম মিজানুর রহমানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সকাল ১১টা থেকে প্রায় তিন ঘন্টা ধরে ওই বৈঠক চলে। তবে বৈঠকের বিষয় নিয়ে কেউ মুখ খোলেননি।

স্বরাষ্ট্র সচিব আব্দুল করিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের সাথে কোন কথা বলবেন না বলে জানানো হয়। তার পক্ষে জনসংযোগ কর্মকর্তা শাহেনুর মিয়া বলেন,“প্রধান উপদেষ্টার দপ্তর খোলা থাকার কারণে বিশেষ নির্দেশে অফিস খোলা রাখা হয়েছে। এ বিষয়ে সচিব কোন কথা বলবেন না।”