চট্টগ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মকর্তা খুন
নগরীর বন্দর থানাধীন ইপিজেড এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শুক্রবার দুপুরে মোহাম্মদ শাহজাহান নামে একজন গার্মেন্টস কর্মকর্তা খুন হয়েছেন।
নিহত শাহজাহান ওরফে জামাল (৩২) ইপিজেড সংলগ্ন এলাকায় অবস্থিত বন্দর নিট এন্ড এক্সপোর্ট গার্মেন্টেসে ডিজাইনার হিসাবে কর্মরত ছিলেন। তার বাবার নাম সিরাজুল ইসলাম এবং বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গল কোর্টের পুকুরিয়ায়।
পুলিশ ছিনতাইকার দের একজন শাহজাহান ওরফে লেলাইয়াকে জনতার সহায়তায় গ্রেপ্তার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বেলা একটার দিকে শাহজাহান সুলতান আহমদ কলেজের সামনে পৌঁছলে একদল ছিনতাইকারী তাকে ঘিরে ধরে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসার সময় ছিনতাইকারীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে।
এসময় জনতা ছিনতাইকারী দলের এক সদস্য শাহজাহান প্রকাশ লেলাইয়াকে ধরে গণপিটুনি দেয়।
গুরুতর আহত গার্মেন্টস কর্মকর্তা শাহাজাহানকে নৌ বাহিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই শুভ চাকমা জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের গ্রামের বাড়ি থেকে অভিভাবকরা এসে পৌঁছালে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
