নির্বাচনের আগেই বিভিন্ন বিষয়ের সমাধান করতে হবে : অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেছেন, যে বিষয়গুলো এক বিশেষ পরিস্থিতিতে তাদেরকে সরকারে এনেছে সেগুলো নির্বাচনের আগেই সমাধান করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার যত শিগগির সম্ভব নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।
বৃহ¯পতিবার ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত বাণিজ্য বিষয়ে একটি ডিপ্লোমা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আরো বলেন, “সম্প্রতি দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের আগেই নির্বাচন কমিশন সংস্কারসহ আরো যেসব সমস্যা সমাধানের কথা বলেছেন আমি তার সঙ্গে পুরোপুরি একমত।”
ডিসিসিআই সভাপতি হোসেন খালেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন।
অর্থ উপদেষ্টা সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, দুর্নীতিবাজ, ঋণখেলাপী এবং কালো টাকার মালিকরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
পুঁজি বাজারের ঊর্ধ্বগতির ব্যাপারে প্রশ্নের জবাবে সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশনের (সিইসি) সাবেক প্রধান মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, “আমাদের আতঙ্কিত হওয়া কিছু নেই। তবে সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এক দিনে ১৪১ কোটি টাকার লেনদেন খুব বেশি কিছু না। শেয়ার মার্কেটের অবস্থা ১৯৯৬ সালের মতো হবে না তিনি দৃঢ় মত ব্যক্ত করেন।
উপদেষ্টা বেসরকারি খাতকে মানব সম্পদ উন্নয়নে আরো বেশি এগিয়ে আসার আহ্বান জানান।
