চট্টগ্রামে উচ্ছেদ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১৫
নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শান্তিনগর এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে বৃহস্পতিবার এলাকাবাসীর সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও লাঠিচার্জ করে। পরে পুলিশের সহায়তায় বিকাল ৫টা পর্যন্ত উচ্ছেদ চালিয়ে এক চতুর্থাংশ জায়গা দখলমুক্ত করে কাঁটাতারের বেড়া দেওয়া হয়।
সংঘর্ষ চলাকালে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশের সহায়তায় উচ্ছেদ কর্মীরা চারটি বুলডোজার দিয়ে প্রায় সাড়ে তিনশ সেমি পাকা, টিনশেড ও কাঁচা ঘর ভেঙ্গে ফেলে।
জানা যায়, আদালতের রায় নিয়ে সমসামিত্ত গৃহনির্মাণ হাউজিং সোসাইটির আবেদনের প্রেক্ষিতে পুলিশ এ উচ্ছেদ অভিযান চালায়। যদিও এলাকাবাসীর দাবি, এ এলাকার প্রায় ২৬ একর জায়গা নিয়ে সমিতির সঙ্গে তাদের বিবাদের বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দাঙ্গা পুলিশসহ দুই শ পুলিশের সহায়তায় ম্যাজিস্ট্রেট মতিউল ইসলাম চৌধুরী ও শাহ মোমিনের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
সকাল সাড়ে ১০ টায় উচ্ছেদ শুরুর আগে সেখানে বসবাসরত বাসিন্দারা পুলিশ ও উচ্ছেদ কর্মীদের উপর এলোপাতাড়ি ইট --পাটকেল নিক্ষেপ করে। দাঙ্গা পুলিশের সহায়তায় অভিযান জোরদার করা হলে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ধাওয়া --পাল্টা ধাওয়া চলে। এসময় পুলিশ ফাঁকা গুলিও বর্ষণ করে।
সংঘর্ষে আহতদের মধ্যে সিদ্দিকুর রহমান (৫৫), আমির হোসেন (২০), মো. সাইফুল (২০) ও জালাল মিয়াকে (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি ছাড়াও বিপুল (৩৫), মাসুদ (২২), বাতেন (৩৬), শাহ আলম (৪০), ফিরোজা বেগম (৫০) ও পারভীন আক্তার (৩০) সহ আরও ২৫ জন আহত হয়েছে বলে এলাকাবাসীর দাবি।
শামসুল হক নামের স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেছেন, সংঘর্ষ ও উচ্ছেদের সময় পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ ও লাঠিচার্জ করেছে। পুলিশের পাশাপাশি উচ্ছেদকারীদের পক্ষের একটি গ্র“প মালামাল লুটপাটও করেছে।
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত পাঁচলাইশ জোনের সহকারি পুলিশ কমিশনার মারুফ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফাঁকা গুলিবর্ষণের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ উচ্ছেদ চালানো হয়। তবে লুটপাটের বিষয়টি তিনি অস্বীকার করেন।
তিনি জানান, আইন -- শৃংখলা রক্ষার জন্য পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করে। কত রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে সে বিষয়ে জানতে চাইলে সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি নফহবংি২৪.পড়স-কে জানান, হিসাব করা হচ্ছে। পুলিশের উপর হামলার জন্য ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
জানা যায়, বায়েজিদ বোস্তামী থানাধীন শান্তিনগরের পাহাড় সংলগ্ন ২৬ একর জায়গা নিয়ে সমসামিত্ত গৃহ নির্মাণ হাউজিং সোসাইটি ও সেখানে দীর্ঘদিন থেকে বসবাসরত বাসিন্দাদের মধ্যে আইনী প্রক্রিয়া চলছিল।
হাউজিং সোসাইটির কর্মকর্তারা দাবি করেন বিভিন্ন পেশার ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই সোসাইটি ১৯৮৭ এবং ’৮৮ সালে দুই দফায় সরকারের কাছ থেকে এসব জমি ইজারা নেয়। কিন্তু তারা জমি বুঝে নেওয়ার আগেই এলাকার প্রভাবশালী একটি চক্র বস্তি তৈরি করে দীর্ঘদিন থেকে ভাড়া দিয়ে আসছিল। বারবার চেষ্টা করেও তাদের সরানো যায়নি। পরে তারা আদালতের আশ্রয় নেন।
কিন্তু বাসিন্দাদের দাবি, তারা ক্রয়সূত্রে এ জায়গার মালিক এবং বিগত কয়েক দশক থেকে এখানে বসবাস করছেন। হাউজিং সোসাইটি কিছু খাসজমি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে পুরো এলাকা জোর করে দখল করতে চাইছে।
তারা দাবি করেন, এ ব্যাপারে একটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য পুলিশ ও জেলা প্রশাসনসহ সবার কাছে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে উচ্ছেদ শুরু হলে এখানকার বাসিন্দারা বাধা দিলে সংঘর্ষ বাধে এবং সোসাইটির একদল সন্ত্রাসী ব্যাপক লুটপাট চালায়।
