২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৯০ দিনের পরও তদারকি সরকার অসাংবিধানিক নয়'

বিএনপি--জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর ৯০ দিন পরেও তদারকি সরকারের দেশ পরিচালনা অসাংবিধানিক হবে না বলে মনে করছেন শীর্ষস্থানীয় আইনজীবীরা। অবশ্য এ সরকার যেসব আইন পাশ করবে ও অধ্যাদেশ জারি করবে নতুন সংসদ গঠিত হওয়ার পর তাতে অনুমোদন নিতে হবে বলে তারা মত দিয়েছেন। তবে ৯০ দিন চলে যাওয়ার পর যে সরকার থাকবে তাকে তত্ত্বাবধায়ক সরকার বলা যাবে কিনা এ নিয়ে আইনজীবীরা ভিন্নমত পোষণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 08:10 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

গত সরকার ২৮ অক্টোবর ক্ষমতা ছাড়ার পর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারকে ৭৫ দিনের মাথায় পদত্যাগ করতে হয়। ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত হয় নতুন সরকার।

২৭ জানুয়ারি শনিবার তদারকি সরকারের কাছে ক্ষমতা ছাড়ার ৯০ দিনের আগে বৃহস্পতিবারই ছিল শেষ কর্মদিবস। সরকারের আইনি বৈধতা পেতে সুপ্রিম কোর্টে বিষয়টি উত্থাপিত হয় কীনা তা নিয়ে কৌতূহল ছিল সারাদিন।

সরকার অবশ্য সুপ্রিম কোর্টে যায়নি। তবুও সরকারের ক্ষমতায় থাকা অসাংবিধানিক হবে বলে মনে  করছেন না আইনজীবীরা। তাদের ব্যাখ্যা সময়সীমার বিষয়টি বাধ্যতামূলক নয়, বরং নির্দেশনামূলক।

ড. এম জহির এ বিষয়ে নফহবংি২৪.পড়স কে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে এ বিষয়টি বাধ্যতামূলক নয়, নির্দেশনামূলক। সুতরাং ৯০ দিন চলে গেলে আকাশ ভেঙ্গে পড়বেনা।

ড. জহির আরো বলেন, ৯০ দিন চলে যাওয়ার পরে যে সরকার থাকবে সে সরকারের নামও তত্ত্বাবধায়ক সরকারই থাকবে। কারণ তত্ত্বাবধায়ক সরকার কতদিন ক্ষমতায় থাকবে তার কোনো সময় বেঁধে দেওয়া নেই। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত এ সরকার ক্ষমতায় থাকবে। 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেছেন, ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদটি নেওয়ায় সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিধানটি মানা হয়নি। অন্য কথায় সংবিধান অনুযায়ী ওই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়নি। তাই সাংবিধানিকভাবে ইয়াজউদ্দিনের নয় ফখরুদ্দীনের সরকারই তত্ত্বাবধায়ক সরকার। তাই এ সরকার ক্ষমতা নেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। নতুন নির্বাচিত সরকারের কাছে এ সরকার ক্ষমতা হস্তান্তর করবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি টি এইচ খান বলেন, ২৭ জানুয়ারি পার হয়ে গেলে যে সরকার থাকবে সংবিধানের ৫৮ খ অনুচ্ছেদের তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অনুযায়ী তা আর তত্ত্বাবধায়ক সরকার নামে থাকার কথা নয়। তত্ত্বাবধায়ক সরকারের সময়সীমা নির্ধারণ করা নেই বলে অনেকে যে বক্তব্য রাখছেন তা সঠিক নয় মতামত দিয়ে  টি এইচ খান বলেন, সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের বিধান একসঙ্গে পড়ে ব্যাখ্যা করলে পরিস্কার ৯০ দিনের মধ্যে নির্বাচন শেষ করার কথা। অবশ্য এ সরকার জরুরি ক্ষমতার অধীনে সরকার কাজ চালিয়ে যাবে। তাদের কাজ অর্থাৎ আইন ও অধ্যাদেশ যেসব তারা পাশ করবে যেদিন সংসদ অধিবেশনে বসবে সেদিন  সেসবের অনুমোদন নিতে হবে।

সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ৯০ দিনের সময়সীমা তত্ত্বাবধায়ক সরকারের মানতে হবে না। প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার দিন থেকে নতুন প্রধানমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার কাজ করবে। নির্বাচন যখন হয়নি তত্ত্বাবধায়ক সরকার কাজ চালিয়ে যাবেন এটাই সাংবিধানিক বিধান।